ট্রাভেল এজেন্টদের সম্মাননায় নভোএয়ার
যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশের বিভিন্ন অঞ্চলের ট্রাভেল এজেন্সিদের সম্মাননা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
সোমবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও এ নভোএয়ার এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয় বলে বিমান পরিবহন কোম্পানিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, মোট চারটি ক্যাটাগরিতে ২৬টি ট্রাভেল এজেন্সিকে এই সম্মাননা দেওয়া হয়।
আউটস্ট্যান্ডিং ক্যাটাগরিতে মিলিয়ন ডলার এজেন্ট হিসাবে সম্মাননা পায় চট্টগ্রামের বি ফ্রেশ, ন্যাশনাল টপ পারফরমেন্স ক্যাটাগরিতে টাইটানিয়াম এজেন্ট হিসেবে বি ফ্রেশ, প্লাটিনাম এজেন্ট হিসেবে ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশন এবং স্যাফায়ার এজেন্ট হিসেবে সায়মন ওভারসিস লিমিটেডকে সম্মাননা দেওয়া হয়।
এছাড়া জোনাল টপ পারফরমার হিসেবে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর ও সৈয়দপুর জোনের তিনটি করে ট্রাভেল এজেন্সিকে এবং বেস্ট প্রমিজিং এজেন্ট হিসেবে বিভিন্ন জোনের চারটি ট্রাভেল এজেন্সিকে সম্মাননা দেওয়া হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ট্রাভেল এজেন্সিগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সাফল্যের চার বছর পার করে পঞ্চম বছরে পদার্পনে আমাদের অঙ্গীকার হবে- সম্মানিত যাত্রী চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ এবং বহরে আরও এয়ারক্রাফট সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা।
নভোএয়ার ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ১১ হাজার ৬৬৫ টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ১০ লাখেরও বেশি যাত্রী সেবা দিয়েছে বলেও জানানো হয়।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
