আইএফআইসি ব্যাংক পরিদর্শনে ভুটানের কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিধিদল
আইএফআইসি ব্যাংক পরিদর্শনে ঢাকায় এসেছে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল।
সোমবার রাজধানীর পুরানা পল্টন আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে রয়েল মনিটারি অথরিটি অব ভুটানের সফররত প্রতিনিধি দলটি এক মত বিনিময় সভায় যোগ দেয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ফাজো দর্জির নেতৃত্বে প্রতিনিধি দলটি আইএফআইসি ব্যাংকের সঙ্গে এ সময় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত নিয়ে আলোচনা করে।
এরপর প্রতিনিধি দলটি রূপগঞ্জের জামদানি শিল্পের কারিগরদের মধ্যে আইএফআইসি ব্যাংকের গুচ্ছ অর্থায়ন (ক্লাস্টার ফাইন্যান্স) প্রকল্প পরিদর্শন করে।
মত বিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার স্বপন কুমার রায়, আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক রায়হান উল আমীন, এম এম হাইকেল হাশমী, ফরিদউদ্দিন আল মাহমুদ, শাহ মো. মঈনউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
