মানবতার কল্যাণে ব্যাংককর্মীদের ম্যারাথন
পক্ষাঘাতগ্রস্ত এবং শীতার্ত মানুষের সহায়তায় মিনি ম্যারাথনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংকের কর্মীরা।
রোববার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবারে অনুষ্ঠিত এই ম্যারাথনে ব্র্যাকসহ বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানের ৬ হাজার কর্মকর্তা অংশ নেন।
ওইদিন সকাল ৭টায় মানিক মিয়া এভিনিউয়ের সেন্টার পয়েন্ট থেকে শুরু হয় এই দৌড়; খামারবাড়ি, আগারগাঁওয়ের রোকেয়া সরণি, আইডিবি ভবনের পূর্বের মোড়ে ঘুরে পুনরায় মানিক মিয়া এভিনিউয়ে ফিরে শেষ হয়।
’ব্র্যাক ব্যাংক দৌড় ২০১৭: কল্যাণের পথচলা’ শীর্ষক প্রতিযোগিতার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দৌড় উপলক্ষে ব্র্যাক ব্যাংকের কর্মীরা ১৩ লাখ টাকার তহবিল সংগ্রহ করেন। এর সঙ্গে ব্যাংকের নিজস্ব তহবিল থেকে সমপরিমাণ অর্থ দিয়ে এই তহবিলকে দ্বিগুণ অর্থাৎ ২৬ লাখ টাকা করা হয়।
এই তহবিল থেকে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড-সিআরপিকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়। ম্যারাথন শেষে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন সিআরপি’র প্রতিনিধির কাছে সহায়তার চেক হস্তান্তর করেন।
পরবর্তীতে এ তহবিলের অর্থ দিয়ে শীতে নীলফামারী, কুড়িগ্রাম, খুলনা ও বরগুনায় ১৫ হাজার শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
