২৩২ শতাংশ বিক্রি বাড়ার দাবি হুয়াওয়ের
গত এক বছরে বাংলাদেশের বাজারে স্মার্টফোন বিক্রিতে ২৩২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করার কথা জানিয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ড হুয়াওয়ে টেকনোলজিস।
শনিবার হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালে ‘মেইট এইট’ ও ‘পিনাইন’ এর মতো প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস বাজারে আনায় প্রতিষ্ঠানটির এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
গত বছরের জুন মাসে পিনাইন ডিভাইসটি বাংলাদেশের বাজারে বের হওয়ার পর তা ব্যাপক সাফল্য বয়ে আনে হুয়াওয়ের জন্য।
বছর শেষে স্বল্প বাজেটের ডুয়েল লেন্স ক্যামেরার জিআর ফাইভের ২০১৭ সংস্করণ বাংলাদেশের বাজারে অবমুক্ত করে প্রতিষ্ঠানটি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান জিএফকের তথ্যের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের নভেম্বরে করা প্রতিষ্ঠানটির জরিপ অনুযায়ী বাংলাদেশে মোট স্মার্ট ফোন ইউনিট বিক্রির ক্ষেত্রে ১৪ দশমিক ৫ শতাংশ বাজার দখলে করে আছে হুয়াওয়ে।
এই পরিমাণ স্মার্টফোন বিক্রির আর্থিক মূল্য দেশের মোট বিক্রি করা ইউনিটের আর্থিক মূল্যের ১৯.১ শতাংশ জানিয়ে বলা হয়, এই হিসেব অনুযায়ী বাংলাদেশে তৃতীয় অবস্থানে রয়েছে হুয়াওয়ে।
