২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় শনিবারের স্বস্তি ‘ভিড় না থাকার’

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সপ্তম দিনে ‌‘তেমন ভিড় না থাকায়’ পরিবার পরিজন নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছেন পেয়ে মেলায় আসা দর্শনার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 08:24 PM

Updated : 11 Oct 2022, 01:17 PM

সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিনে মেলায় এসে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তারা।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাণিজ্য মেলা প্রাঙ্গণ সরেজমিনে ঘুরে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়হীন পরিবেশে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর এই পরিস্থিতি দেখা যায়।

এদিন অনেকে মেলা থেকে কেনাকাটা করতে আসলেও অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে এসেছিলেন শুধু ঘুরতে; রাজধানীর বাসিন্দাদের পাশাপাশি রাজধানীর বাইরে থেকে এসেছেন অনেকে।

 

পটুয়াখালীর বাসিন্দা শুক্কুর আলী বলেন, ‍“কোনো কিছু কেনার জন্য নয়, আত্মীয়-স্বজন নিয়ে ঘুরতে এসেছি। প্রতিবছর এই মেলার সময় ঢাকায় আসি, খুব ভাল লাগে।”

স্ত্রী-সন্তান নিয়ে মেলা ঘুরতে আসার ফাঁকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনা হয়ে যায় পরীবাগের বাসিন্দা চাকরীজীবী শফিক রহিমের।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত ঘুরতে এসেছিলাম; কিন্ত ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসও কেনা হয়ে গেছে।

“এখনো ভিড় বাড়েনি, এ সুযোগে শান্তিতে ঘুরে বেড়ানো যাচ্ছে। মেলার নিরাপত্তাও বেশ ভাল, কোনো অব্যবস্থাপনা চোখে পড়ে নাই।”

 

মেলায় কিছুক্ষণ পরপর দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল। পুলিশ ও র‍্যাবসহ নিরাপত্তারক্ষীদের সংখ্যাও অন্যবারের চেয়ে বেশি বলে জানা যায়।

র‍্যাব-২ এর উপ-পরিদর্শক নাসির আহমেদ বলেন, সর্বক্ষণ ২০ জন পোশাকধারী র‍্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে আছে। সাদা পোশাকেও অনেক র‍্যাব, গোয়েন্দা বিভাগের কর্মকর্তা কড়া নিরাপত্তা দিয়ে যাচ্ছে।

মেলার শুরু থেকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এই র‍্যাব সদস্য আরও বলেন, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নি। মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে চলছে।

পুরুষ নিরাপত্তাকর্মীদের পাশাপাশি নারী সদস্যদের সংখ্যাও ছিল চোখে পরার মতো।

“৬০ জনের বেশি নারী পুলিশ সদস্য দুই শিফটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে। যে কোনো ধরনের পরিস্থিতি সামাল দিতেই এ ব্যবস্থা করা হয়েছে,” বলেন পুলিশ কনস্টেবল সাবিনা।

মেলা প্রাঙ্গণ ফাঁকা থাকলেও বিক্রি নিয়ে অসন্তুষ্ট নন দেশি-বিদেশি বিক্রেতারা।

প্রাণ গুড়া মসলা স্টলে কর্মরত মনীরুদ্দীন বলেন, ‍“কালকের (শুক্রবার) তুলনায় ভিড় কম, তবে কিছুক্ষণ পর লোক আসা শুরু করবে।”

 

বিকালের দিকে আরএফএল, শরিফ মেলামাইন, বেঙ্গল, হাতিল ও রিগ্যাল ফার্নিচার, ওয়ালটনসহ বড় বড় দেশি প্যাভিলিয়নে তেমন ভিড় দেখা যায়নি; খালি ছিল ভারত, ইরান, থাইল্যান্ড, তুরস্ক, পাকিস্তান, কোরিয়াসহ বিদেশি প্যাভিলিয়নগুলো।

বাংলাদেশ ছাড়াও ২০টি দেশের ব্যবসায়ীরা নিজেদের পণ্যের প্রচারাভিযান নিয়ে মেলায় অংশ নিচ্ছেন। মাসব্যাপী মেলায় এবার ১৩টি ক্যাটাগরিতে মোট ৫৭৭টি প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিদেশি প্রতিষ্ঠানের স্টল রয়েছে ৪৮টি।