মিল্কভিটার দুধের দাম বাড়ায় ক্ষোভ ক্রেতাদের
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্কভিটা) উৎপাদিত তরল দুধের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটসহ একাধিক বাজার ঘুরে দেখা যায়, প্রতি লিটার তরল দুধ ৬৫ টাকায় ও আধা লিটার ৩৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত মাসে ছিল যথাক্রমে ৬২ টাকা ও ৩৪ টাকা।
বিক্রেতারা বলছেন, মিল্কভিটার দুধের দাম বেড়ে যাওয়ায় অন্যান্য কোম্পানিগুলোও তাদের উৎপাদিত তরল দুধের দাম বাড়িয়ে দিয়েছে।
আর সরকারি সমবায় মিল্কভিটা কর্তৃপক্ষ বলছে, খামারিদের স্বার্থ বিবেচনা করে দুধের দাম বাড়ানো হয়েছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আবু নাঈমের সঙ্গে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা শহরের মানুষ দুধের জন্য মিল্কভিটার ওপরই নির্ভর করে। হঠাৎ করে প্রতি লিটার দুধের দাম তিন টাকা বেড়ে গেল। কারণ কি? কেউ কিছু বলছে না।”
আরেক ক্রেতা তানভীর আহমেদ বলেন, “মিল্কভিটা সরকারি প্রতিষ্ঠান। তারা তো লাভের জন্য উৎপাদন করে না। তাহলে দাম বাড়বে কেন?”
বিক্রেতারা জানান, বাজারে তরল দুধের চাহিদা মূলত পূরণ করে মিল্কভিটা। তার সঙ্গে রয়েছে আড়ং ও প্রাণ।
মোহাম্মদপুরের বিক্রেতা রুবেল হোসেন বলেন, “মিল্কভিটা যদি ২০ প্যাকেট বিক্রি হয়, অন্যান্য দুধ বিক্রি হয় ৪ থেকে ৫ প্যাকেট।
“প্রায় ২৫ দিন আগে মিল্কভিটার দাম বাড়ল। তার কয়েকদিন পরে অন্যান্য কোম্পানিগুলিও দাম বাড়িয়ে দিল।”
শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, আড়ং ও প্রাণের এক লিটারের তরল দুধের প্যাকেট ৬৫ টাকায় ও আধ লিটারের প্যাকেট ৩৫ বিক্রি হচ্ছে। আগের মিল্কভিটার দুধের দামেই এগুলো বিক্রি হতো।
এ বিষয়ে মিল্কভিটার পরিকল্পনা, ক্রয় ও বিপণন শাখার অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. নবীরুল ইসলামের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রান্তিক পর্যায়ে খামারিদের কাছ থেকে বেশি দাম দিয়ে দুধ কিনতে হচ্ছে বলেই দুধের দাম বেড়েছে।
“আগে আমরা খামারিদের কাছ থেকে প্রতি লিটার দুধ গড়ে ৫০ টাকায় কিনতাম। পরে প্যাকেজিং ও ভ্যাট ইত্যাদিসহ বাজারে এর দাম হত ৬২ টাকা। গতমাস থেকে আমরা ৫২ টাকায় কিনছি।”
বেশি দামে দুধ কেনার কারণ জানতে চাইলে মিল্কভিটার এই কর্মকর্তা বলেন, “আমরা আমাদের খামারিদের বিভিন্ন রকম সুযোগ-সুবিধা দেই। পশুখাদ্য, চিকিৎসা ও উন্নত জাতের ঘাসের বীজ সরবরাহ ইত্যাদিসহ প্রায় ৭-৮টি খাতে আমরা তাদের ঋণ দেই। কিন্তু বাজারে এখন কম্পিটিটর বেড়ে গেছে।
“আমরা লক্ষ্য করছিলাম, অন্যান্য কোম্পানিগুলো আমাদের খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ শুরু করেছে। এটা বন্ধ করা দরকার ছিল। তাছাড়া খামারিরাও দীর্ঘদিন ধরে দাম বাড়ানোর দাবি করছিলেন।”
