রাজধানীতে প্রবীণদের বিশেষ আবাসন ‘স্বপ্নলোক পিসভ্যালি’
ঢাকার শ্যামলীতে যাত্রা শুরু করেছে প্রবীণদের বিশেষ আবাসন ও সেবা কেন্দ্র ‘স্বপ্নলোক পিসভ্যালি’।
বৃহস্পতিবার শ্যামলীর হলি লেন রোডে অবস্থিত আটতলা এই বিশেষ আবাসনের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
এ সময় মেয়র বলেন, দেশে কোটি কোটি মানুষ আছে যাদের পাশে দাঁড়াবার কেউ নেই, যারা পড়ে গেলে তুলে ধরার কেউ নেই। সেই মানুষগুলোর জন্য এমন প্রবীণ কেন্দ্র আরও দরকার।
সুবার্তা ট্রাস্ট এবং দ্যা স্টাকচারাল ইঞ্জিনিয়ার্স (এসইএল) লিমিটেডের যৌথ উদ্যোগে নির্মিত এই ভবনে ৩৫ থেকে ৪০ জন প্রবীণ সেবা পাবেন বলে জানানো হয়।
সুবার্তা ট্রাস্টের প্রশাসন বিভাগের ব্যবস্থাপক আলতাফুর রহমান বলেন, মূলত ৪৫ ঊর্ধ্ব প্রবীণরা ফ্ল্যাট ক্রয় বা ভাড়া করে থাকতে পারবেন। এতে সিঙ্গেল ও ডাবল দুই ধরনের ফ্ল্যাট রয়েছে।
"এই প্রবীণ আবাসন কেন্দ্রটি মূলত দেশের উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত প্রবীণদের জন্য তৈরি করা হয়েছে। ২০ হাজার থেকে শুরু করে ৪০ হাজার টাকায় এখানে ফ্ল্যাট ভাড়া নেওয়া যাবে।"
সুবার্তা ট্রাস্টের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার এই প্রতিষ্ঠানকে প্রবীণদের ‘বিশেষ আবাসন’ হিসেবে অভিহিত করে বলেন, এখানে প্রবীণদের জন্য চিকিৎসা সেবা, সাইকোথেরাপি কক্ষ, লাইব্রেরি, প্রার্থনা কক্ষ, ক্লাব, জিম ও ইনডোর খেলাধুলার সুব্যবস্থা আছে।
আনিসুল হক তার বক্তব্যে স্বপ্নলোক পিসভ্যালির প্রশংসা করে দেশে এরকম আরও প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠনে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং সুবার্তা ট্রাস্টের চেয়ারম্যান আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, সবাই আজ জীবনের পেছনে ছুটছে, সমাজে সবাই ব্যস্ত। শেষ পর্যন্ত বৃদ্ধদের কেউ নেই, গরীব হলেও নেই, বড়লোক হলেও নেই।
“সময় এসেছে প্রবীণদের নিয়ে ভাববার। প্রবীণদের জন্য একটি ঘর, একটি বড় দরজাওয়ালা বাথরুম, রান্নাঘর, আকাশ দেখার জন্য খোলা বারান্দা ও একজন মানুষ চাই যে সর্বক্ষণ সেবা দেবে।”
তিনি আরও বলেন, “বৃদ্ধদের কথা বলার জন্য সঙ্গী দরকার। এছাড়াও খাবার, চিকিৎসা ও চিত্তবিনোদনের ব্যবস্থা থাকতে হবে।”
এ সব ব্যবস্থাই স্বপ্নলোক পিসভ্যালিতে রয়েছে জানিয়ে এটিকে পরবর্তীতে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন আবু সায়ীদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল।
তিনি বলেন, “বার্ধক্যে মানুষ অসহায় থেকে অসহায়তর হয়ে যায়। যেটুক সেবা দরকার তা তারা পান না। এই সময়ে তার পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ।”
