আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চলের চূড়ান্ত অনুমতি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বেসরকারি উদ্যোগে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চূড়ান্ত লাইসেন্স পেয়েছে আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চল (এএমইজেড) লিমিটেড।
প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে এএমইজেড লিমিটেড এ অনুমতিপত্র অর্জন করে বলে জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
মঙ্গলবার কারওয়ান বাজার বিডিবিএল ভবনে বেজার প্রধান কার্যালয়ে এএমইজেড লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দীন মোনেমের হাতে এ লাইসেন্স তুলে দেন বেজা নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
এ সময় বেজা চেয়ারম্যান বলেন, আবদুল মোনেম একটি অন্যতম বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের নাম; তারা লাইসেন্স প্রাপ্তদের মধ্যে দ্বিতীয়।
“বর্তমানে তাদের প্রায় ১৪২ একর জমির লাইসেন্স দেওয়া হলেও তারা যদি এই অঞ্চলকে সার্থক করতে চায় তাহলে তাদের আকার আরও বৃদ্ধি করতে হবে”।
এজন্য বেজার পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান পবন চৌধুরী।
১৫ বছরে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মাধ্যমে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে বেজা।
এএমইজেড লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দীন মোনেম অনুমতিপত্র দেওয়ার জন্য বেজাকে ধন্যবাদ জানিয়ে ২০১৭ সালের মধ্যে তাদের অর্থনৈতিক অঞ্চলে চলমান সব নির্মাণ কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “আমি নিশ্চয়তা দিচ্ছি ২০১৭ সালের মধ্যেই অঞ্চলে চলমান সব নির্মাণ কাজ শেষ হবে। তখন আমরা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাতে পারব”।
এই অঞ্চলকে ‘আন্তর্জাতিক মানসম্পন্ন’ হিসেবে গড়ে তোলার কথার জানিয়ে মোনেম বলেন, এতে নারী উদ্যোক্তা এবং পাট সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হবে।
এছাড়াও এই অঞ্চল আগামী ৫ বছরে এক লক্ষ লোকের কর্মসংস্থান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঢাকা থেকে প্রায় ৩৭ কিলোমিটির দক্ষিণ পূর্বে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা চর বাউশিয়া এবং চর জাজিরা মৌজায় নির্মাণাধীন এই বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ২০১৫ সালের জুন মাসে প্রাক যোগ্যতা সনদ পেয়েছিল।
এতে ভূমি ক্রয়, ভূমি উন্নয়ন এবং বিদ্যুৎ ব্যবস্থা, নিজস্ব পানি সরবরাহ ব্যবস্থা, তিতাস থেকে সরবরাহ করা গ্যাস সংযোগসহ অর্থনৈতিক অঞ্চলের সব সুবিধা ও সেবা থাকবে বলে বেজা থেকে জানানো হয়।
