২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় ক্রেতার অপেক্ষা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেও অনেক স্টল ও প্যাভিলিয়ন নির্মাণ শেষ হয়নি। গুছিয়ে বসা অল্পকিছু স্টল-প্যাভিলয়নের বিক্রয়কর্মীরাও ক্রেতার অভাবে অলস সময় পার করেছেন। আগামী শুক্রবার থেকে বেচাকেনা বাড়বে- এমন আশায় আছেন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 05:24 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন।

বাংলাদেশ ছাড়াও ২০টি দেশের ব্যবসায়ীরা নিজেদের পণ্যের প্রচারাভিযান নিয়ে মেলায় অংশ নিচ্ছেন।মাসব্যাপী মেলায় এবার ১৩টি ক্যাটাগরিতে মোট ৫৭৭টি প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিদেশি প্রতিষ্ঠানের স্টল রয়েছে ৪৮টি।

সোমবার দুপুরে মেলা মাঠে গিয়ে দেখা যায়, প্রাণ-আরএফএল, ওয়ালটন, হ্যামকো, গাজী গ্রুপ, যমুনাসহ দেশীয় বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলোর বহুতল প্যাভিলিয়নগুলো ইতোমধ্যেই সুসজ্জিত হয়েছে। অলঙ্কার, প্রসাধনী, পোশাক, আসবাবপত্র, শুকনো খাবারের দোকানগুলোও বেশ সুসজ্জিত হয়ে উঠেছে।

মেলার চৌহদ্দি ঘিরে ছোট ছোট কিছু স্টলের নির্মাণকাজ এখনও চলছে। এখানকার অনেক ব্যবসায়ী এখনও পণ্য সাজাতে পারেননি, অনেক আবার অবকাঠামো নির্মাণেও পিছিয়ে পড়েছেন।

মধ্য মাঠেও প্যাভিলিয়ন নির্মাণ শেষ করতে পারেনি আবুল খায়ের গ্রুপ ও বেঙ্গল গ্রুপসহ আরও কিছু প্রতিষ্ঠান।

এই প্যাভিলিয়নগুলোর নির্মাণের দায়িত্ব পাওয়া কোম্পানি মার্কেট ইনোভেশন অ্যান্ড আইডিয়াসের হেড অব বিজনেস এবিএম নাঈমুল কবির নাঈম জানান, তারা অন্যদের চেয়ে অন্তত ১০ দিন পর কাজ শুরু করেছেন। তাই বিলম্ব হচ্ছে।

“আগামী দুই-একদিনের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে,” আশা করেন নাঈম।

দ্বিতীয় দিন মেলায় পোশাক ও আসবাবপত্রের স্টলে কিছু নারী দর্শনার্থীর উপস্থিতি দেখা গেছে। ইরানী পণ্যের একটি প্যাভিলিয়ন থেকে চাদর কিনতে দেখা যায় শ্যামলীর গৃহবধূ শামীমা আক্তারকে।

তিনি জানালেন, বাণিজ্য মেলার উপচে পড়া ভিড় তার ভালো লাগেনা। তাই সবসময় তিনি মেলার শুরুর দিকে এবং দিনের সকাল বেলায় আসেন। এবারও ব্যাতিক্রম হয়নি।  

পূর্বপাশে একটি ব্লেজারের দোকানের বিক্রয়কর্মী আল আমিন জানান, অল্প পরিমানে বেচাকেনা হচ্ছে।

“এখন টুকিটাকি বেচাকেনা হচ্ছে। তবে আগামী শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের চাপ বাড়বে, বেচাকেনাও বাড়বে।”

তবে শীত কম থাকায় ব্লেজার বিক্রি নিয়ে এক ধরনের শঙ্কার কথাও জানালেন তিনি।