২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ১৩ বার শীর্ষ রপ্তানিকারক প্রাণ

সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসাবে টানা ত্রয়োদশবার 'সেরা রপ্তানিকারক পদক' পেয়েছে খাদ্যপণ্য প্রক্রিয়াজাত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 12:40 AM

Updated : 11 Oct 2022, 01:16 PM

রপ্তানিতে বিশেষ অবদানের জন্য ২০১৩-১৪ অর্থবছরে প্রাণ মোট দুটি এবং তাদের অঙ্গ প্রতিষ্ঠান আরএফএল একটি পদক লাভ করেছে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে এগ্রো প্রসেসিং পণ্য (তামাকজাত পণ্য ছাড়া) রপ্তানিতে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক পেয়েছে প্রাণ গ্রুপ। এর মধ্যে প্রাণ এগ্রো লিমিটেড স্বর্ণ ও প্রাণ ফুডস লিমিটেড ব্রোঞ্জ পদক অর্জন করে। 

রোববার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে রপ্তানি পদক গ্রহণ করেন প্রাণের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল।

কামরুজ্জামান বলেন, প্রাণ ব্র্যান্ডের ওপর বিশ্বব্যাপী ভোক্তাদের আস্থার কারণে এসব পদক পাওয়া সম্ভব হয়েছে।

১৯৯৯-২০০০ অর্থবছরে এগ্রো প্রসেসিং পণ্য রপ্তানির জন্য প্রথমবারের মতো স্বর্ণ পদক অর্জন করেছিল প্রাণ গ্রুপ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৭ সালে ফ্রান্সে এগ্রো প্রসেসিং পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে পা রাখে প্রাণ। বর্তমানে বিশ্বের ১৩৪টি দেশে প্রাণ-এর পণ্য রপ্তানি হচ্ছে।

আরএফএল-র ব্রোঞ্জ পদক

এদিকে একই অনুষ্ঠানে প্লাস্টিক পণ্য রপ্তানির জন্য ব্রোঞ্জ পদক পেয়েছে প্রাণের আরেক শাখা প্লাস্টিক পণ্য উৎপাদন ও বাজারজাতকারি প্রতিষ্ঠান আরএফএল।

২০১৩-১৪ অর্থবছরের রপ্তানির জন্য ডিউরেবল প্লাস্টিকস লিমিটেডকে বাণিজ্য মন্ত্রণালয় এ পদক দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ব্রোঞ্জ পদক গ্রহণ করেন আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

পাল বলেন, ডিউরেবল প্লাস্টিকস রপ্তানির ক্ষেত্রে নতুন বাজার সৃষ্টিতে সক্ষম হয়েছে। দেশের আর্থ-সামাজিক অবস্থার মানোন্নয়নে অনবদ্য ভূমিকা পালন করছেন তারা।

বিশ্বের ৩৭টি দেশে প্রতিষ্ঠানটির হরেক রকমের পণ্য রপ্তানি হচ্ছে জানিয়ে তিনি বলেন, “প্লাস্টিক পণ্য রপ্তানির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আমরা এই পদক ও সনদপত্র পেয়েছি।”