ছয় স্থপতি ও প্রকৌশলীকে মরণোত্তর সম্মাননা
নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের ছয় স্থপতি ও প্রকৌশলীকে মরণোত্তর সম্মাননা দিয়েছে সেভেন রিংস সিমেন্ট।
এরা হলেন- স্থপতি ও প্রকৌশলী ফজলুর রহমান খান (এফ আর খান), স্থপতি ও নগর পরিকল্পনাবিদ মাজহারুল ইসলাম, স্থপতি সৈয়দ মাইনুল হোসেন, বুয়েটের প্রথম নারী উপাচার্য স্থপতি খালেদা একরাম, প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক এবং বুয়েটের প্রথম উপাচার্য প্রকৌশলী এম এ রশিদ।
বৃহস্পতিবার একটি হোটেলে ‘ট্রিবিউট টু লেজেন্ডস’ শিরোনামে এক অনুষ্ঠানে কীর্তিমান এই বাঙালিদের প্রতিনিধির হাতে সম্মাননা তুলে দেওয়া হয় বলে সেভেন রিংস সিমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, “স্থাপত্য ও প্রকৌশলে যুক্ত এ মানুষেরা নিজেদের সেরা কাজটি করার মাধ্যমে আমাদের দেশকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন।
“প্রকৌশলী এফ আর খান বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার স্বীকৃতি পেয়ে আমাদের দেশের জন্য বিরাট সম্মান বয়ে এনেছেন। একইভাবে প্রকৌশলী এম এ রশিদ বুয়েটের প্রথম উপাচার্য হিসেবে প্রকৌশল বিষয়টাকে শক্ত একটা ভিতের মধ্যে দাঁড় করিয়ে গেছেন। স্থপতি মাজহারুল ইসলামকে বলা হয় আধুনিক স্থাপত্যের জনক।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক সভাপতি অধ্যাপক ড. শামীম জেড. বসুনীয়া, বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দীন ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস্ বাংলাদেশের সাধারণ সম্পাদক স্থপতি কাজী এম আরিফ।
এছাড়া সেভেন রিংস সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী পাশা, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রায়হান আহমেদ ও প্রধান বিপণন কর্মকর্তা আসাদুল হক সুফিয়ানী এসময় উপস্থিত ছিলেন।
