বাণিজ্য মেলায় চমকে ঠাসা ওয়ালটন প্যাভিলিয়ন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরে নিজেদের সুপরিসর সুদৃশ্য প্যাভিলিয়নে উন্নত প্রযুক্তির সব ইলেকট্রনিক পণ্যের সমারোহ ঘটাতে যাচ্ছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।
মেলায় তিনতলা মেগা প্যাভিলিয়নে সেলফি কর্নার, ট্রান্সপারেন্ট ডিসপ্লেসহ অনেক চমক থাকছে বলে ওয়ালটনের ইন্টেরিয়র ডিজাইন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শাদী মোহাম্মদ রুম্মান জানিয়েছেন।
“প্যাভিলিয়নে সুপরিসর লিফট, ১৬ ফুট প্রশস্ত ফটক, সাত ফুট চওড়া সিঁড়ির পাশাপাশি অসুস্থ বা প্রতিবন্ধীদের জন্য থাকছে র্যা।”
তিনি জানান, জানুয়ারির প্রথম দিন থেকে শুরু হওয়া ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২৬ ও ২৭ নম্বরের দুটি প্রিমিয়ার প্যাভিলিয়ন একত্রিত করে এ মেগা প্যাভিলিয়ন বানানো হয়েছে।
প্যাভিলিয়নের প্রতি তলায় ৫ হাজার বর্গফুট জায়গা আছে। চারপাশে থাকছে ফুল আর সবুজের সমারোহ।
এবারের মেলায় ওয়ালটন নিজেদের ব্র্যান্ডের রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ও মাইক্রোওয়েভ ওভেন, ইন্ডাকশন কুকার, ব্লেন্ডারসহ ইলেকট্রনিক হোম এ্যাপ্লায়েন্সের চার শতাধিক পণ্য আনছে।
এলইডি বাল্ব, সুইচ, সকেট, রিচার্জেবল ব্যাটারি ও জেনারেটরসহ বৈদ্যূতিক সরঞ্জামের পাশাপাশি মেলায় আরও থাকবে সর্বাধুনিক ফিচার সম্বলিত ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপ ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন।
ওয়ালটনের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, পণ্য উৎপাদন ও বিক্রির মতো বাণিজ্যমেলার প্যাভিলিয়ন নির্মাণ শৈলিতেও সেরা হতে চায় ওয়ালটন।
এজন্য প্যাভিলিয়ন নির্মাণে নিরাপত্তার দিকেও নজর রাখা হয়েছে বলে ইন্টেরিয়র ডিজাইন বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর স্থপতি রিনা চৌধুরী জানিয়েছেন।
“নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শক্ত স্টিলের কাঠামোর ওপর করা হয়েছে প্যাভিলিয়নের পুরো স্থাপনা। এছাড়া প্যাভিলিয়ন নির্মাণে গ্রিন টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
“মেলার পর এসব ম্যাটেরিয়ালস দীর্ঘস্থায়ী কাঠামো নির্মাণেও কাজে লাগবে। স্টিল ও এসিপি বোর্ডগুলোর ৯০ শতাংশই পরবর্তীতে ব্যবহারযোগ্য,” বলেন তিনি।
