‘ঢাকাই খাবার’ নিয়ে বইয়ের প্রকাশনা উৎসব
ঢাকাই খাবারের ইতিহাস-ঐতিহ্য নিয়ে সাদ উর রহমানের লেখা ‘ঢাকাই খাবার ও খাদ্য সংস্কৃতি’ বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে।
বুধবার বিকালে রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ প্রকাশনা উৎসব হয়, যাতে অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচনের পর মন্ত্রী বলেন, “ঢাকার ঐতিহ্য দিনে দিনে হারিয়ে যাচ্ছে। সেই ঐতিহ্য হারিয়ে যাওয়ার সময়ে একটি অনন্য সংযোজন ‘ঢাকাই খাবার ও খাদ্য সংস্কৃতি’ বইটি।”
প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনা সংস্থা ঐতিহ্যর প্রধান নির্বাহী ও স্বত্বাধিকারী আরিফুর রহমান নাইম।
অন্যদের মধ্যে অতিথি হিসেবে ঢাকা কেন্দ্রের সভাপতি আজিম বখশ, বিক্রমপুর জাদুঘরের কিউরেটর অধ্যাপক মো. শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন।
আজিম বখশ বলেন, “ঢাকার ঐতিহ্যকে বজায় রাখতে হলে ঢাকাই খাবারকেও রাখতে হবে।”
লেখক বইয়ে বিভিন্ন খাবারের বর্ণনার পাশাপাশি সেগুলোর আভিধানিক ইতিহাসেরও বর্ণনা দিয়েছেন। যেমন বিরিয়ানি বা কালিয়ার কথা বলতে গিয়ে এই শব্দগুলো কোথা থেকে কিভাবে এসেছে সেই বিষয়গুলোও তুলে ধরেছেন।
অনুষ্ঠানে লেখক সাদ উর রহমান বলেন, “দীর্ঘ আড়াই বছরের পরিশ্রমের ফসল এই বই। ঢাকার বিলুপ্ত প্রায় খাবারগুলোকে এই বইয়ের মাধ্যমে তুলে ধরেছি।”
ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত ২৪৮ পৃষ্ঠার ‘ঢাকাই খাবার ও খাদ্য সংস্কৃতি’ বইটির মূল্য রাখা হয়েছে ৪৫০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।
