ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন
ঢাকার মহাখালীতে বেসরকারি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবারের এই সম্মেলনে ৫০০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল ভবন নির্মাণ ও সেবার মান বৃদ্ধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশল নির্ধারণ করা হয় বলে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী।
ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী দিলীপ কুমার পাল, ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, সহকারী পরিচালক ডা. কাজী রফিকুল আলম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার বৈদ্যনাথ সাহা ও হেড অব একাউন্টস আনন্দ কুমার সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবার মান বাড়াতে আসছে ২০১৭ সালকে ‘ইয়ার অব প্রফেশনালিজম’ হিসেবে ঘোষণা করেন পরিচালকরা। এছাড়া রোগীদের আরও উন্নত ও দ্রুত চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্তরের কর্মকর্তাকে পুরস্কৃত করেন অতিথিরা।
