ব্যাংকক বাণিজ্য চুক্তিতে যুক্ত হচ্ছে মঙ্গোলিয়া
বাংলাদেশসহ এশিয়া প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের ছয়টি দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তিতে সপ্তম দেশ হিসেবে মঙ্গোলিয়াকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিয়েছে সরকার।
সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের (অ্যাপটা) দ্বিতীয় সংশোধনীর খসড়ায় অনুমোদন দেওয়া হয়।
সবগুলো সদস্য দেশ দেশ সংশোধনী প্রস্তাবের খসড়া অনুমোদন দিলে ১৩ জানুয়ারি থাইল্যান্ডে অ্যাপটার মন্ত্রিপর্যায়ের সভায় মঙ্গোলিয়াকে চুক্তিতে অন্তর্ভুক্তির চুক্তি স্বাক্ষরিত হবে বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ১৯৭৫ সালে ব্যাংককে স্বাক্ষরিত একটি বাণিজ্যকে ২০০৫ সালে অ্যাপটা (APTA) নাম দিয়ে পুনঃস্বাক্ষরিত করা হয়। বাংলাদেশ ছাড়া ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও লাওসকে নিয়ে গঠিত চুক্তিটি ‘ব্যাংকক অ্যাগ্রিম্যান্ট’ নামে পরিচিত, যার সদরদপ্তরও ব্যাংককে।
চুক্তিপত্রে সংশোধনীর পর মঙ্গোলিয়া অ্যাপটায় যুক্ত হলে এই ফোরামের সদস্য সাতে উন্নীত হবে বলে শফিউল আলম জানিয়েছেন।
অ্যাপটা চুক্তিপত্রের সঙ্গে কোন কোন জায়গায় ট্যারিফ দেওয়া হবে তার তালিকাও করা আছে বলে জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সব সদস্য দেশের জন্য ৫৯৮টি পণ্যে ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক ছাড়ের সুযোগ দেওয়া হবে। আর এলডিসির (স্বল্পোন্নত দেশ) জন্য বিশেষ তালিকায় অতিরিক্ত আরও চারটি পণ্যে ২০ থেকে ৫০ শতাংশ শুল্ক ছাড় দেওয়া হবে।
অ্যাপটা চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ৬০২টি পণ্যে শুল্ক ছাড়ের সুযোগ দেবে বলে জানান তিনি।
অন্য দেশগুলোর মধ্যে চীন ২ হাজার ১৯১টি পণ্যে ৫ থেকে ১০০ শতাংশ সুবিধা দেবে। স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য ১৮১টি পণ্যে শূন্য থেকে সাড়ে ১২ শতাংশ ছাড় দেবে দেশটি।
ভারত ৩ হাজার ৩৩৪টি পণ্যে ৫ থেকে ১০০ শতাংশ শুল্ক ছাড় দেবে। এলডিসির জন্য ৪৭টি পণ্যে ১৪ থেকে শতভাগ ছাড় দেওয়া হবে।”
২ হাজার ৭৯৬টি পণ্যে ১০ থেকে ৫০ শতাংশ ছাড় দেবে দক্ষিণ কোরিয়া।এলডিসির জন্য ৯৬১টি পণ্যে ২০ থেকে ১০০ শতাংশ শুল্ক ছাড় দেবে।
আর শ্রীলঙ্কা অ্যাপটার সব সদস্য দেশের জন্য ৫৮৫টি ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য ৭৫টি পণ্যে শুল্ক ছাড় দেবে।
লাওস ৯৯৯টি পণ্যে ২০ থেকে সাড়ে ৩৭ শতাংশ শুল্ক ছাড় দেবে।
এর বাইরে মঙ্গোলিয়া ৩৩৩টি পণ্যে ১০ থেকে ৩০ শতাংশ শুল্ক ছাড়ের প্রস্তাব দিয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
