রিহ্যাব মেলায় সাড়ায় ‘সুদিন’ ফেরার আশা
রিহ্যাব মেলায় ক্রেতা-দর্শনার্থীর সমাগম এবং প্লট ও ফ্ল্যাট বুকিংয়ে আবাসন ব্যবসায় সুসময় ফেরার আশা করছেন এই খাতের এক বিনিয়োগকারী।
রোববার শেষ হওয়া পাঁচদিনের এই মেলায় এবার রেকর্ড প্রায় ২৬ হাজার দর্শনার্থী এসেছিলেন বলে রিহ্যাব পরিচালক ও মেলার মিডিয়া কো-চেয়ারম্যান কামাল মাহমুদ জানান। গত বছর ১৮ হাজারের মতো দর্শনার্থীর সমাগম ঘটেছিল মেলায়।
‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগান নিয়ে গত ২১ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা শুরু হয়। এবারের মেলায় নির্মাতা প্রতিষ্ঠান এবং ব্যাংকসহ সব মিলিয়ে স্টল বসেছিল ১৭৫টি।
মেলা শেষে কামাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবারের মেলায় আমরা ক্রেতাদের কাছ থেকে আশার চেয়েও বেশি সাড়া পেয়েছি।
মেলার শেষ দিনেই দর্শক সমাগম বেশি হয়েছে বলে জানান তিনি।
ক্রেতাদের মধ্যে ছোট ও মাঝারি আকারের ফ্ল্যাটের প্রতি আগ্রহ বেশি দেখা গেছে বলে জানান কামাল।
আবাসনে আগ্রহ বাড়ার কারণ হিসেবে বর্তমানে কয়েকটি ব্যাংকের ফ্ল্যাট কিনতে ১০ শতাংশের কম সুদে ঋণ দেওয়ার বিষয়টি কাজ করছে বলে মনে করছেন তিনি।
