এডিএন টেলিকমের শেয়ারহোল্ডারদের ৫% লভ্যাংশ অনুমোদন
মুনাফা প্রবৃদ্ধির ধারায় থাকা তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ সেবা খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড শেয়ারহোল্ডারদের পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
কোম্পানিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদের সভাপতিত্বে বৃহস্পতিবার গুলশানের একটি হোটেলে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে এডিএন টেলিকম নিট মুনাফা করেছে ৮ কোটি ৭৭ লাখ টাকা, যা গত বছরের চেয়ে ৩৫ দশমিক ৭২ শতাংশ বেশি।
এসময়ে আয় হয়েছে ৭৫ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের বছরের চেয়ে ২২ দশমিক ৬৮ শতাংশ বেশি।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ টাকা ১৯ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৯ পয়সা।
আগের বছর ১০০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল এডিএন টেলিকম।
২০০৩ সালে যাত্রা শুরু করে ২০১২ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়া কোম্পানিটি গ্রাহকদের ডাটা, আইপি টেলিফোনি ও ইন্টারনেট সেবা দিচ্ছে।
সভায় ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ দেশের অর্থনীতি ও টেলিকম খাতের ভবিষ্যৎ প্রবৃদ্ধির কথা উল্লেখ করে এডিএন টেলিকমের ভবিষ্যত প্রবৃদ্ধির বিষয়ে আশা প্রকাশ করে বলেন, “তথ্য-প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাত দেশের সামগ্রিক উন্নয়নের একটি অপরিহার্য অংশ হিসেবে ভূমিকা রাখছে। সাথে সাথে এ খাতের কোম্পানিগুলোরও সুযোগ বাড়ছে।”
কোম্পানিটির পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য চলমান প্রক্রিয়ার কথাও তুলে ধরেন তিনি।
পরিচালক ও শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে কোম্পানি সচিব মো. মনির হোসেনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে পরিচালক মো. মঈনুল ইসলাম, মো. মাহফুজ আলী সোহেল, খন্দকার মাহমুদা সাইদ ও স্বতন্ত্র পরিচালক একেএম শাফিউল আযম উপস্থিত ছিলেন।
