২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘হজ ও ওমরাহ ফেয়ার’ উদ্বোধন

হজ ও ওমরাহ যাত্রীদের সঙ্গে এজেন্সিগুলোর সরাসরি সম্পর্ক তৈরি করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘১০ম হজ ও ওমরাহ ফেয়ার’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 09:44 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এই মেলা শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিভিন্ন হজ এজেন্সির অংশগ্রহণে এই মেলা মধ্যস্বত্বভোগী দালালদের হাত থেকে রেহাই দিয়ে হজ যাত্রীদেরকে কাঙ্ক্ষিত সেবা সম্পর্কে সঠিক তথ্য পেতে সহায়তা করবে বলে উদ্বোধনীর বক্তব্যে মন্তব্য করেন ধর্মমন্ত্রী।

মতিউর রহমান বলেন, “হজ ও ওমরাহ মেলা হজ যাত্রী ও এজেন্সির মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের এক অনন্য মাধ্যম। এখানে হজ যাত্রীগণ হজের বিভিন্ন সেবা সম্পর্কে ধারণা লাভ করে তাদের পছন্দ সই এজেন্সির মাধ্যমে হজ গমনের সুবিধা পেয়ে থাকেন।”

এছাড়াও মেলায় আসা দর্শনার্থীরা ব্যাংক ও আইটি সেবাসহ নানাবিধ বিষয় সম্পর্কে তথ্য পাবেন বলে জানান তিনি।

মেলায় আসা বিভিন্ন হজ এজেন্সির প্রতিনিধিরা বলছেন, তাদের সঙ্গে হজ ও ওমরাহ করতে ইচ্ছুকদের সরাসরি যোগাযোগের ফলে হজ ও ওমরাহে যাওয়ার প্রতিবন্ধকতা কমবে।

আদ-দ্বীন ইন্টারন্যাশনাল হজ এজেন্সির ব্যবস্থাপক আকরামুল হক বিডিনিউজ টয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলায় ক্লায়েন্টরা সরাসরি আমাদের কাছে আসে। মধ্যস্বত্বভোগীরা মিথ্যা কথা বলে অধিক টাকা নিচ্ছে ক্লায়েন্টদের কাছ থেকে। আমাদেরও চুক্তি অনুযায়ী অর্থ দিচ্ছে না তারা।

“এ মেলায় আসার উদ্দেশ্য হলো আমরা যেন আমাদের সেবা কোনো অসুবিধা ছাড়াই সরাসরি ক্লায়েন্টদের কাছে পৌঁছে দিতে পারি।”

ইউরো এয়ার ইন্টারন্যাশনাল ট্র্যাভেলসের ব্যবস্থাপক মো. নসরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এজেন্সিগুলো প্রতি লাইসেন্সে ৩০০ জন হজ যাত্রী এবং ৫০০ জন ওমরাহ যাত্রীদের সেবা দিতে পারে।

“দালালরা যাত্রীদের কাছ থেকে ৫০ হাজার টাকার বেশি করে হাতিয়ে নেয়, এ টাকা আমাদের এজেন্সিতে দিলে আমরা আরও ভালো সেবা প্রদান করতে পারব।”

মেলায় হাবের অন্তর্ভুক্ত ৭২টি এজেন্সি ছাড়াও ১১টি বেসরকারি ব্যাংক ও সৌদি এয়ারলাইন্সসহ মোট ১২০টি স্টল রয়েছে।

ব্যাংকগুলো মূলত এজেন্সির সঙ্গে চুক্তির মাধ্যমে হজ যাত্রীদের সেবা দিয়ে থাকে বলে জানান সাউথইস্ট ব্যাংকের সিনিয়র অফিসার জাকির হোসেন খান।

মেলায় আসার উদ্দেশ্য সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমমে তিনি বলেন, “হজ যাত্রীরা যাতে আমাদের সুযোগ সুবিধা সম্পর্কে প্রত্যক্ষ ভাবে জেনে নিতে পারেন; এতে এজেন্সির সাথে তাদের আলোচনায় সুবিধা হবে।”

হজ ও ওমরাহ ফেয়ারের এই আয়োজন তাদেরকে ‘দালালদের হাত থেকে মুক্তি দেবে’ বলে মনে করেন মেলার আসা নিবন্ধিত হজ যাত্রী অবসরপ্রাপ্ত চাকুরীজীবী শমশের আলী।

তিনি বলেন, “আমার সাড়া জীবনের উপার্জনের টাকা আমি দালালের হাতে দিতে চাই না। মেলায় এসে প্যাকেজ দেখে নিজের পছন্দ ও সাধ্যের ভিতরে এজেন্সি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছি, যা ভাল উদ্যোগ।”

বিগত বছরগুলোর তুলনায় এবারের হজ আয়োজন আরও সুষ্ঠু ও সুন্দর করে হজ যাত্রীদের পরিবহন, আবাসন, যাতায়াতসহ উন্নতমানের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ধর্মমন্ত্রী।

“হজ যাত্রীদের সংখ্যা বাড়ানোর প্রসঙ্গে সৌদি কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাব। এবার সৌদি সরকারের সাথে আমরা ডিজিটাল হজ ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছি। হজ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক করার লক্ষ্যে গত বছর প্রথমবারের মত প্রাক নিবন্ধন পদ্ধতি চালু করেছি।”

২০১৭ সালের প্রাক নিবন্ধন খুব শিগগিরই চালু করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, “সেজন্য ইতোমধ্যে আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে। প্রাক নিবন্ধন এ বছর আরও উন্নত করা হবে।”

মতিউর রহমান জানান, গত বছর প্রায় ১ লাখ ৪০ হাজার হজ যাত্রী নিবন্ধন করলেও ব্যবস্থাপকসহ হজ গমন করতে পেরেছিলেন প্রায় ১ লাখ ২ হাজার জন।

গত বছর নিবন্ধন করেও হজে যেতে না পারা বাকিরা ২০১৭ সালের হজ যাত্রায় অগ্রাধিকার পাবেন বলে জানান মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল, হাবের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম বাহার ছাড়াও হাব ও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বর্তমানে দেশের হজ এজেন্সিগুলোর সর্ববৃহৎ সংগঠন, যার সদস্য সংখ্যা ১২৫৪।