২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোয়েল গেল কই, খুঁজবেন ইনু

সরকারিভাবে উৎপাদিত সুলভ মূল্যের ল্যাপটপ বাজার থেকে বিলুপ্ত হয়ে যাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 09:22 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

বৃহস্পতিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের ল্যাপটপ মেলার উদ্বোধন বক্তব্যের এক পর্যায়ে সরকারিভাবে উৎপাদিত ‘দোয়েল’ নিয়ে কথা বলেন তিনি।

“দোয়েল মনে হয় বাজারে আর নেই। দোয়েল গেল কই? আপনারা খোঁজ নিয়ে দেখুন।”

গত সরকারের আমলে নিজে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উদ‌্যোগে দোয়েল ল‌্যাপটপ বাজারে এসেছিল। তখন ওই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন ইনু।

ওই প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে মাত্র ১০/১২ হাজার টাকার মধ্যে সরকারিভাবে ল্যাপটপ তৈরি করা হয়েছিল। কিন্তু সেই প্রকল্প বোধ হয় সফল হয়নি। কেন হয়নি, আমি খোঁজ নেব, আপনারও খোঁজ নেন।”

২০১১ সালের ১১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) তৈরি দোয়েল ল্যাপটপ। তখন চার ধরনের এ ল্যাপটপের দাম ধরা হয় ১০ থেকে ২৬ হাজার টাকা।

‘নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে হবে’

দেশে ল্যাপটপের চাহিদা তৈরি হওয়ায় এখন এই বাজারকে সুসংহত করতে প্রযুক্তিপণ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিতের উপর জোর দিয়েছেন তথ‌্যমন্ত্রী ইনু।

ল্যাপটপ মেলার উদ্বোধন করে তিনি বলেন, “বাংলাদেশে ল্যাপটপের একটা বাজার সৃষ্টি হয়েছে। এক্সপো মেকারের আয়োজনে ১৮তম এই আয়োজন তা-ই প্রমাণ করে। বাজারের ভবিষ্যতের জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যার পণ্যে গ্রাহকরা নির্ভরযোগ্যতা চায়। বিক্রেতা ও আমদারিকারকদের তা নিশ্চিত করতে হবে।”

ইন্টারনেট দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধী, জঙ্গিগোষ্ঠী ও আন্তর্জাতিক সামরিকীকরণ এই তিন দিক থেকে হুমকির চ্যালেঞ্জের কথাও বলেন তিনি।

ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসাবে সংবিধানে ঘোষণা করার কথাও বলেন তথ্যমন্ত্রী।

“ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসাবে সংবিধানে ঘোষণা করতে হবে। অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার ন্যায় ইন্টারনেটও যেন প্রতিটি নাগরিক পায় তার নিশ্চয়তা সরকারকে করতে হবে।”

Image
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ল্যাপটপ মেলার একটি স্টলে ল্যাপটপের গুণাগুণ বোঝাচ্ছেন বিক্রেতারা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ল্যাপটপ মেলার একটি স্টলে ল্যাপটপের গুণাগুণ বোঝাচ্ছেন বিক্রেতারা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

এ জন্য ইন্টারনেটের গতি বাড়ানো এবং দাম হাতের নাগালে নিয়ে আসার উপর জোর দেন তিনি।

বেসিসের সভাপতি মোস্তফা জব্বার ও বিসিএস সভাপতি আলি আশফাক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এই ‘টেকশহর ডটকম ল্যাপটপ ফেয়ার’ এ এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, ওয়ালটন, লাভা, অ্যাভিরা, আই-লাইফ, ইসেট, রাপ্পো, লিনেক্স, রিভসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নিচ্ছে।

Image
রাজধানীর বঙ্গববন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ল্যাপটপ মেলা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

রাজধানীর বঙ্গববন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ল্যাপটপ মেলা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে মেলায় ঢুকতে পারবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের এই সুযোগ পাচ্ছেন।

এছাড়া টেকশহরডটকমের অ্যাপ ডাউনলোড করেও বিনামূল্যে প্রবেশের সুবিধা রয়েছে। মেলায় টিকেটের অর্থ দুরারোগ্য রোগে আক্রান্ত রোগী অথবা ভুক্তভোগী পরিবারকে সহায়তা করা হবে বলে আয়োজকরা জানান।