নতুন ফিচার নিয়ে বাংলালিংকের নতুন ওয়েবসাইট
ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক তার ওয়েবসাইটকে নতুন আঙ্গিকে সাজিয়েছে।
বৃহস্পতিবার বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশি ও বিদেশি গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার আলোকে এই ওয়েবসাইটটিকে করা হয়েছে আরও সহজ, ইন্টারেক্টিভ এবং তথ্যবহুল।
নতুন এই ওয়েবসাইটিতে ই-কমার্স ফিচার যুক্ত করা হয়েছে। এই ই-কমার্স ফিচারে গ্রাহকরা পাবেন ইন্টারনেট প্যাক কেনার সুযোগ এবং বিভিন্ন প্রয়োজনীয় ডিজিটাল সেবাসমূহ যেমন- অনলাইন টপ-আপ এবং ইমার্জেন্সি ব্যালেন্স।
এতে আরও রয়েছে ই-শপ ফিচার, যা টেলিকম ইন্ডাস্ট্রিতে এই প্রথম বলে বাংলালিংকের দাবি। এই ই-শপে ভিজিটররা সিম কার্ড এবং হ্যান্ডসেট কিনতে পারবেন।
নতুন ওয়েবসাইটের ব্যবহারকারীরা সহজ প্রি-পেইড প্যাকেজ মাইগ্রেশন সুবিধা নিতে পারবেন এবং সাইটটি সঠিক সার্ভিস প্যাক বাছাই করতে অ্যাডভাইজর হিসেবে কাজ করবে।
এই সাইটে আরও রয়েছে স্মার্ট ফিল্টারিং সার্চ সুবিধা। ‘ইউ মে অলসো লাইক’ সেকশনে বিভিন্ন ইন্টারনেট প্যাকের জন্য ব্যবহারকারীরা এখন পাবেন প্রাসঙ্গিক সুপারিশগুলো।
বাংলালিংক-এর সিইও এরিক অস বলেন, “নতুন ওয়েবসাইটটি বাংলালিংকের ডিজিটাল স্ট্রাটেজির অবিচ্ছেদ্য অংশ এবং এটি আমাদের গ্লোবাল ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধিত্ব করে।”
“যারা আমাদের সেবাসমূহকে আরও সুবিধাজনক পদ্ধতিতে নিতে চান এবং আমাদের সম্পর্কে ঝামেলাহীনভাবে জানতে আগ্রহী, আমরা তাদের জন্য ওয়েবপেজকে সতর্কতার সাথে আরও নতুন আঙ্গিকে সাজিয়েছি,” বলেন তিনি।
