২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিফ্লিক্স’র যাত্রা শুরু

বিজয়ের মাসে যাত্রা শুরু করল রাষ্ট্রায়াত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটক এর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম “টেলিফ্লিক্স”। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 07:18 PM

Updated : 12 Apr 2022, 03:31 AM

বৃহস্পতিবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘টেলিফ্লিক্স’ মূলত একটি ভিডিও স্ট্রিমিং সার্ভিস যেখান থেকে টেলিটক ব্যবহারকারীরা স্ট্রিম করে দেখতে পারবে তাদের পছন্দের সব বাংলা চলচ্চিত্র, টেলিফিল্ম, গান, মিউজিক ভিডিও, নাটক, ধারাবাহিক, স্বাস্থ্যসহ বিনোদনের অন্যান্য বিষয়গুলো।

ভোক্তারা তাদের মোবাইল ফোনের মাধ্যমে ‘টেলিফ্লিক্স’ এ সাবস্ক্রাইব করে, অথবা ‘টেলিফ্লিক্স’ অ্যাপ ডাউনলোড করে, দেশের যেকোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে অনায়াসে দেখতে পারবেন তাদের পছন্দের সব অনুষ্ঠান।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ বলেন, মানুষ এখন প্রযুক্তি নির্ভর। বিনোদনের জায়গাটাও কেড়ে নিয়েছে মোবাইল ফোন। আর এই সব কিছুকে মাথায় রেখেই টেলিটক তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে চমৎকার একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেখানে শুধুমাত্র টেলিটক গ্রাহকরা উপভোগ করতে পারবে আমাদের নিজ দেশের সব ধরনের গান, মিউজিক ভিডিও, টেলিফিল্ম, নাটক, জনপ্রিয় সিনেমা, খেলাধুলা ভিত্তিক অনুষ্ঠান, টকশো ইত্যাদি বিনোদনমূলক অনুষ্ঠানগুলো।

টেলিটক জি এম মার্কেটিং ও ভ্যাস মো. হাবিবুর রহমান বলেন, আমাদের ব্যস্তময় জীবনে ইচ্ছা থাকলেও নানা কারণে হয়তো আমরা টেলিভিশনে অতটা সময় ব্যয় করতে পারছি না। তবে টেলিটক বাংলাদেশ সব সময় দেশ ও দেশীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখায় প্রতিজ্ঞাবদ্ধ। আর সেই ভাবনায় আমাদের এই সংযোজন ‘টেলিফিক্স’।

টেলিটকের গ্রাহক www.teleflix.com.bd ব্রাউজ করে অথবা Google Play Store থেকে Teleflix App ডাউনলোড করে সার্ভিসটি ব্যবহার করতে পারবেন।