২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিমা শিল্পে মানুষের আস্থা বাড়াতে হবে’

দেশের বিমা শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে এ খাতের প্রতি মানুষের আস্থা আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 08:41 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

বুধবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্টের (বিআইপিডি) উদ্যোগে ‘বাংলাদেশের বিমাখাতের বর্তমান বাজার পরিস্থিতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মত প্রকাশ করেন তিনি।

অতিথির বক্তব্যে মান্নান বলেন, “দেশের বিমা শিল্পের সমস্যাগুলো আগে চিহ্নিত করে সেগুলো সমাধান করতে হবে। এটা করতে পারলে এই খাতের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে”।

বিমা খাতে অনেক সংস্কার প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, “এ শিল্পের উন্নয়নে সেটা হওয়া উচিৎ। এ শিল্প সংশ্লিষ্টরাই সংস্কারের জায়গাগুলো চিহ্নিত করতে পারবেন। আগে সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে। এরপর ক্রমান্বয়ে সেগুলো সমাধান করতে হবে”।

প্রশাসনিক মানসিকতা থেকে বের হয়ে এসে সেবার মানসিকতা তৈরি করতে হবে বলে মন্তব্য করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “নিজেই নিজের রেগুলেট করলে সরকারের দৈনন্দিন রেগুলেটের প্রয়োজন থাকে না”।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান বলেন, “দেশের অন্যান্য খাত যেভাবে এগিয়ে গেছে; বিমা খাত ঠিক সেভাবে এগিয়ে যায়নি। এমনকি এ খাতে পার্শ্ববর্তী দেশের তুলনায় কয়েকগুণ পিছিয়ে আছি আমরা।

“মূলত এ খাতের অন্তরায় রয়েছে আস্থার সঙ্কটে। আমাদের দেশে বিমা দাবি মেটানোর জায়গাটা মোটেও সন্তোষজনক নয়। এই হার বাড়াতে হবে। এতে বিমা খাতে আস্থার সঙ্কট অনেকটাই দূর হবে”।

সচিব ইউনুসুর রহমান আও বলেন, “সামগ্রিক উদ্যোগের মাধ্যমে বিমা খাতের ফোকাস বাড়াতে হবে। পাশাপাশি বিমা শিল্পের উন্নয়নে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিষয় খোলার প্রয়োজন রয়েছে”।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য মো. কুদ্দুস খান বলেন, “এখনও দেশের বিমা খাতে আশানুরুপ উন্নতি হয়নি। জিডিপিতে এই খাতের অবদান এখনও ১ শতাংশের নিচে। তবে এই অবদান বাড়ানোর সুযোগ রয়েছে”।

প্রাইম ফাইন্যান্স গ্রুপের চেয়ারম্যান এম এ খালেকের সভাপতিত্বে সভায় বিআইপিডির মহাপরিচালক কাজী মো. মোরতুজা আলী, বিআইপিডির পরিচালক ড. মোশাররফ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।