এয়ারটেল-ইয়ন্ডার অ্যাপ চালু
এয়ারটেল গ্রাহকদের জন্য এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক অ্যাপ চালু করেছে রবি আজিয়াটা লিমিটেড।
বুধবার রবি এক বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে দেশের স্থানীয় ও আর্ন্তজাতিক সঙ্গীতের সবচেয়ে বড় মিউজিক লাইব্রেরির গানগুলো উপভোগ করতে পারবেন এয়ারটেল গ্রাহকরা।
এয়ারটেলের গ্রাহকরা অ্যাপটিতে সমসাময়িক সব ধরনের মিউজিক ট্র্যাক খুঁজে পাবেন এবং শুনতে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। অ্যাপটি ব্যবহারের জন্য গ্রাহকদের কাছ থেকে কোনো অতিরিক্ত সাবস্ক্রিপশন ফি নেওয়া হবে না।
এয়ারটেল গ্রাহকদের সঙ্গে এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক অ্যাপটির উদ্বোধন উদযাপন করতে ফুড ম্যারাথন ইভেন্টে জনপ্রিয় ব্যান্ড চিরকুটের একটি বিশেষ কনসার্টের আয়োজন করেছে রবি।
আগামী ১৫ ডিসেম্বর বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ২ নম্বর হলে এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক লাউঞ্জে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
যেসব এয়ারটেল গ্রাহক অ্যাপটি ডাউনলোড করেছেন তারা বিনামূল্যে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
এছাড়াও মিউজিক ক্যাফের যেকোনো খাবারের স্টলে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন তারা। পাশাপাশি তারা ব্যান্ড নেমেসিস ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী এলিটার সঙ্গে সময় কাটাতে ও সেলফি তুলতে পারবেন।
রবি এবং এয়ারটেল একীভূতকরণের ফলে এয়ারটেল গ্রাহকরা এখন ৩২ দশমিক ২ মিলিয়ন গ্রাহকের বড় পরিবারের সদস্য হয়েছেন।
