চট্টগ্রামে ডিজিটাল এক্সপো শুরু রোববার
তথ্যপ্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম নিয়ে রোববার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী প্রদর্শনী।
নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ‘বিসিএস ডিজিটাল এক্সপো’ নামে এবারের মেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বুধবার নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে আয়োজকরা মেলার বিস্তারিত তুলে ধরেন।
বিসিএস চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির আহ্বায়ক কামরুল হাসান সিদ্দিকী বাপ্পী জানান, তথ্যপ্রযুক্তি-নির্ভর দেশি-বিদেশি ৫০টি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেবে। প্রদর্শনীতে থাকবে ৮৯টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন।
লিখিত বক্তব্যে কামরুল বলেন, প্রদর্শনীতে তথ্য প্রযুক্তির জনপ্রিয় ও বিখ্যাত ব্রান্ডের প্রস্তুতকারক, আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠাগুলো অংশ নেবে। মানুষ তাদের পছন্দের বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারবে।
“এর জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মূল্য ছাড়ের পাশাপাশি বিশেষ উপহার ও সুবিধাও দেবে।”
মেলায় ফ্রি ওয়াইফাই জোন, শিশুদের জন্য গেইমস কর্নার, চিত্রাংকন প্রতিযোগিতা ও র্যাফেল ড্র থাকছে।
মেলার উদ্বোধনীতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাহবুবুল আলম ও বিসিএস সভাপতি আলী আশফাক।
১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশ ফি ২০ টাকা ধরা হয়েছে। তবে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।
বিসিএস-চট্টগ্রামের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জুয়েল জানান, এটি মেলার দ্বিতীয় আসর অনুষ্ঠিত হলেও আগের আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালে।
রাজনৈতিকসহ বিভিন্ন পরিস্থিতিতে তিন বছর মেলার আয়োজন করা না গেলেও এখন থেকে প্রতিবছর এ আয়োজন করার আশাবাদ জুয়েলের।
মেলায় প্লাটিনাম স্পন্সর এইচপি, ডেল, করসেইর, ডব্লিউ ডি, গোল্ড স্পন্সর এচার, টিপি-লিংক, হিকভিশন, ভিভানকো সিলভার স্পন্সর হিসেবে থাকছে সাউথ বাংলা, গেইমস স্পন্সর গিগাবাইট।
অন্যদের মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি-বিডির চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক খাইরুল আলম ইমন, এক্সেল টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপক সাদেক মো. ইমতিয়াজ, সাউথ বাংলা কম্পিউটার, চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক ফোরকান মোল্লা, গ্লোব টাচের স্বত্ত্বধিকারী নওশাদ চৌধুরীসহ স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
