অ্যাপিকটা অ্যাওয়ার্ডের পরের আসর বাংলাদেশে
এশিয়া অঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতের বৃহত্তম সংগঠন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা) প্রবর্তিত ‘অ্যাপিকটা অ্যাওয়ার্ড ২০১৭’ সালের আসর হতে যাচ্ছে বাংলাদেশে।
চলতি মাসের শুরুতে তাইওয়ানের তাইপে শহরে অনুষ্ঠিত অ্যাপিকটা অ্যাওয়ার্ড-২০১৬ এর আসরে বাংলাদেশকে পরবর্তী আয়োজক হিসেবে সর্বসম্মতভাবে নির্বাচিত করা হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, বেসিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, সম্ভাবনা ও প্রযুক্তি সেবার সেবার স্বীকৃতিদাতা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, ব্রুনেই দারুসসালাম, চীন, চীনা তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম ও নেপাল অ্যাপিকটার সদস্য।
এতে বলা হয়, আগামী আসর আয়োজনের মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরা ও রপ্তানি বাজার বাড়ানোর সুযোগ তৈরি হবে। বাংলাদেশ যে তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম পরবর্তী গন্তব্যস্থল তা দেখিয়ে দেওয়া যাবে।
বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ২০১৫ সালে অ্যাপিকটার সদস্য হওয়া বেসিসের জন্য এটি একটি বিশাল অর্জন। জাপান থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত ১৬টি দেশের প্রতিযোগিতার এই আয়োজন বাংলাদেশকে বিরল সম্মান এনে দিচ্ছে।
“এতে প্রায় দুই শতাধিক প্রতিযোগী ১৭টি ক্যাটেগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিযোগিতা উপলক্ষে এই অঞ্চলের প্রায় ছয় শতাধিক প্রতিনিধি বাংলাদেশে আসবে। বাংলাদেশের তথ্যপ্রযুক্তিকে বিশ্বব্যাপী পরিচিত করাতে ও রপ্তানির বাজার বাড়াতে এই আয়োজন ব্যাপকভাবে সহায়তা করবে।”
