২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশের দামে ক্রেতার ‘স্বস্তি’

মওসুম চলে গেলেও ইলিশের দামে স্বস্তি প্রকাশ করেছেন রাজধানীর বাজারে ক্রেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2016, 09:50 PM

Updated : 12 Apr 2022, 03:28 AM

বিক্রেতারা বলছেন, বাজারে বিল-ঝিলে ধরা পড়া মিঠাপানির মাছের সরবরাহ বাড়ায় সারা বছর চড়া দামে বিক্রি হওয়া ইলিশের দাম পড়েছে।

শুক্রবার বাড্ডা কাঁচাবাজারে দেখা গেল, মাছ বিক্রেতা সেলিম মাঝারি আকারের এক জোড়া ইলিশ মাছের দাম চাইলেন একহাজার টাকা। ক্রেতাকে রাজি করাতে শেষ পর্যন্ত ৮০০ টাকায় নামতে দেখা গেল তাকে।

সেখানে ক্রেতা সাদেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গরিবের ইলিশ খাওয়ার এখনই সময়। এতো কম দামে ইলিশ আমি আগে কখনও দেখিনি।”

কারওয়ান বাজারের মাছ বিক্রেতা নেছার উদ্দিনকে একহাজার টাকায় ছোট আকারের এক হালি ইলিশ বিক্রি করতে দেখা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বিল-ঝিল-হাওড়ে পানি কমতে শুরু করেছে। ওইসব এলাকা থেকে মাছ প্রচুর পরিমাণে মাছ বাজারে এসেছে। তাই ইলিশের দাম পড়ে গেছে।

এদিকে সপ্তাহ দুয়েক আগে কেজিতে ৫ টাকা বেড়ে ৩০ টাকায় বিক্রি হওয়া পুরোনো আলুর দাম আবার কমেছে। পাশাপাশি ৮০ থেকে একশ টাকা দরে বিক্রি হওয়া মওসুমের নতুন আলুর দামও ৫০ টাকায় নেমে এসেছে।

কারওয়ান বাজারে পাইকারি ব্যবসায়ী কামাল হোসেন দুলাল বলেন, “কিছুদিন আগে আলুর দাম বেড়ে বস্তা (৮০ কেজি) দুই হাজার টাকায় উঠেছিল। এখন তা আবার কমে ১৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।”

এছাড়া বাজারে চাল, ডাল, সবজিসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামে গত সপ্তাহের চেয়ে তেমন একটা হেরফের হয়নি।