প্রাণ-আরএফএলের সিইও আহসান খান চৌধুরী
দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিযুক্ত হয়েছেন আহসান খান চৌধুরী।
সম্প্রতি গ্রুপের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে আহসান চৌধুরী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন।
প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী ছেলে আহসান খান চৌধুরী ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে গ্রুপে যোগ দেন। ৪৬ বছর বয়সী আহসান খান ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক।
১৯৮১ সালে প্রাণ-আরএফএল গ্রুপ যাত্রা শুরু করে। তখন থেকেই গ্রুপের সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আমজাদ খান চৌধুরী। ২০১৫ সালের ৮ জুলাই আমজাদ চৌধুরীর মারা যান। অপর দিকে গ্রুপের সাবেক চেয়ারম্যান লে. কর্নেল মাহতাবউদ্দিন আহমেদ (অব.) চলতি বছরের ১৪ জুলাই মৃত্যুবরণ করেন।
প্রাণ-আরএফএল গ্রুপের তথ্য অনুযায়ী, প্রক্রিয়াজাতকৃত খাদ্য, প্লাস্টিক, লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ফার্নিচার, বাইসাইকেল, লিফট, টেক্সটাইল, টয়লেট্রিজ, প্যাকেজিংসহ কয়েক হাজার পণ্য রয়েছে এই গ্রুপের। ১৩০টি দেশে রপ্তানি হচ্ছে এসব পণ্য।
বর্তমানে এই গ্রুপে সরাসরি কাজ করছেন ৮০ হাজারের বেশি মানুষ। আর পরোক্ষ কর্মসংস্থান প্রায় দুই লাখ।
