ঢাকা রেস্টুরেন্ট সপ্তাহের শীতকালীন উৎসব শুরু বৃহস্পতিবার
ভোজন রসিকদের কাছে রাজধানীর রেস্তোরাঁগুলোকে উৎসবমুখর করার লক্ষ্য নিয়ে শুরু হতে যাচ্ছে ‘কোকা-কোলা ঢাকা রেস্টুরেন্ট সপ্তাহ ২০১৬’ এর শীতকালীন উৎসব।
ঢাকার ৬০টি রেস্তোরাঁয় বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে বলে আয়োজকদের পক্ষ থেকে বুধবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলন করে জানানো হয়।
খাদ্য প্রেমিকদের সঙ্গে ঢাকার বিভিন্ন রেস্তোরাঁর মেলবন্ধনকারী অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম ‘ফুডিজ’ এ উৎসবের আয়োজন করছে।
সংবাদ সম্মেলনে উৎসবের ঘোষণা দিয়ে ফুডিজের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান জানান, উৎসবে অংশ নেওয়া রেস্তোরাঁগুলো শুধুমাত্র সপ্তাহ চলাকালীন ভোজন রসিকদের জন্য সর্বনিম্ন ৩৫ শতাংশ ছাড়ে ‘বিশেষ প্ল্যাটারের’ ব্যবস্থা করবে।
“রেস্টুরেন্ট ভেদে ভ্যাট ও অন্যান্য চার্জসহ ৪৯৯, ৯৯৯, ১৪৯৯ এবং ২৪৯৯ টাকার প্যাকেজে আকারে অফার করা হবে এই প্ল্যাটার।”
এ আয়োজনে খাদ্য প্রেমিকদের চমৎকার সব খাবারের পাশাপাশি নানা রকম প্রতিযোগিতা এবং অনলাইনে খাবারের অভিজ্ঞতা শেয়ার করে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকবে বলে জানান তিনি।
আয়োজকরা জানান, অংশগ্রহণকারী রেস্টুরেন্টগুলোতে থাকছে #CokeNFood নামের বিশেষ প্ল্যাটার।এতে কোকা-কোলার সাথে যে সব গ্রাহক খাবারের ছবি/সেলফি শেয়ার করবে তাদের জন্য ১৫ ডিসেম্বর আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকবে।
এছাড়াও ইংরেজি গণমাধ্যম ডেইলি স্টারের অনলাইন রিভিউ এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে ঢাকা রেস্টুরেন্ট সপ্তাহের ১০০ জন বিজয়ী পাবেন বেঙ্গল মিট এবং ড্যান কেকের পক্ষ থেকে বিশেষ অফার।
ক্যাম্পেইন জুড়ে ড্যান কেকের পক্ষ হতে গ্রাহকদের জন্যে ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ ছাড়ের ভাউচার এর সাথে থাকছে ফ্রি ডেলিভারির সুযোগ। এছাড়াও গ্রামীণফোনের স্টার গ্রাহকরা প্ল্যাটার প্রতি ১০ শতাংশ বিশেষ ছাড় পাবেন।
খাদ্য প্রেমিকদের প্ল্যাটফর্ম ফুডিজ ২০১৫ সাল থেকে গ্রীষ্মকালীন (মে মাস) এবং শীতকালীন (ডিসেম্বর মাসে) মৌসুমে বছরে দু্ইবার এ আয়োজন করে থাকে বলে জানান ফুডিজ প্রতিষ্ঠাতা আশিকুর রহমান।
এবার শাতকালীন উৎসবে অংশগ্রহণকারী রেস্তোরাঁগুলোর তালিকা ফুডিজের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়।
অনলাইন ভিত্তিক এই প্ল্যাটফর্মটি শুধুমাত্র ঢাকায় নিবন্ধিত ৩০০০ রেস্টুরেন্টের সাথে খাদ্য প্রেমিকদের মেলবন্ধন তৈরি করে থাকে।
সংবাদ সম্মেলনে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাদাব খান, ড্যান কেকের ন্যাশনাল সেলস ম্যানজোর এখতিয়ার রেজা, বেঙ্গল মিটের সিইও আসিফ আহমেদ চৌধুরী ছাড়াও দি অলিভ, দি ডেইলি স্টার এবিসি রেডিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
