ব্যবসার জন্য দ. এশিয়ায় সবচেয়ে উদার বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বিদেশিদের ব্যবসার জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নীতি সবচেয়ে উদার জানিয়ে এ সুযোগ নিতে হাঙ্গেরির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বুদাপেস্টে বাংলাদেশ-হাঙ্গেরি বিজনেস ফোরামের এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, “দক্ষিণ এশিয়ায় আমাদের বিনিয়োগ নীতি সবচেয়ে উদার। ব্যবসার জন্য খরচও তুলনামূলক কম। ইইউ, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, জাপান ও নিউ জিল্যান্ডের বাজারে আমাদের পণ্যের কোটা ও শুল্কমুক্ত প্রবেশাধিকার রয়েছে।”
আটটি শতভাগ রপ্তানিমুখী ইপিজেড এবং একশটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম চলার কথা জানান প্রধানমন্ত্রী।
চীন, ভারত ও জাপানের ব্যবসায়ীদের জন্য এরইমধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দের কথাও উল্লেখ করেন তিনি।
তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান, যুক্তরাষ্ট্রসহ ৮৩টি দেশে ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানি, দ্রুত বিকাশমান তথ্য-প্রযুক্তি খাত এবং এরইমধ্যে অন্যদের নজর কাড়া জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের জন্য হাঙ্গেরির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য, পাট, সিরামিক, পেট্রোকেমিক্যাল, খাদ্য ও কৃষি প্রক্রিয়াকরণ, প্ল্যাস্টিক পণ্য, জ্বালানি-বিদ্যুৎ, পানি ও সমুদ্র সম্পদ ও অন্যান্য অবকাঠামো খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানান তিনি।
যে কোনো ব্যবসায়ী উদ্যোগ বাংলাদেশের বিকাশমান মধ্যবিত্তের বর্ধিত ক্রয়ক্ষমতা এবং চীন, ভারত ও আসিয়ানের বিশাল বাজার সংলগ্নতার ভূ-অর্থনীতির কৌশলগত অবস্থানের সুবিধা নিতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
এর ফলে ব্যবসা, বিনিয়োগ ও উদ্ভাবনী ব্যবসায় বাংলাদেশের অংশীদার হয়ে উভয় পক্ষের সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হাঙ্গেরির ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
নিজের দেশের ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনা বলেন, “আমাদের ব্যবসায়ীরা শুধু পশ্চিমে যায়। আর বলে, ‘এটা দাও, ওটা দাও’। একাত্তরে আমাদের সহায়তা করেছে এমন অনেক দেশ এখনও আমাদের জন্য অনাবিষ্কৃত রয়ে গেছে।
“মধ্য এশিয়া ও ইউরোপের অনেক দেশ আছে, যেখানে আমরা ব্যবসা করতে পারি।”
অনুষ্ঠানে শেখ হাসিনার আগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবেন বক্তব্য রাখেন।
শেখ হাসিনাকে বিশ্বের অন্যতম সাহসী নেত্রী অভিহিত করে তিনি বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন সাহসী মহিলার দৃষ্টান্ত। তার নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে চলছে।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাও স্মরণ করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী।
“তার পরিবারও বাংলাদেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে।”
ইউরোপের অর্থনৈতিক পরিবতর্নের কথা তুলে ধরে ভিক্তর অরবেন বলেন, “বিশ্ব একটা নতুন নিয়মে চলছে। আমরা হাঙ্গেরিকে ‘নিউ ওয়ার্ল্ড অর্ডারের’ জন্য প্রস্তুত করছি। আমরা হাঙ্গেরির বৈদেশিক নীতিও পরিবর্তন করেছি।”
রপ্তানিমুখী হওয়ার জন্য নিজ দেশের কিছু নীতি পরিবর্তন করার কথাও উল্লেখ করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী।
বাংলাদেশের যে সম্ভাবনা আছে, তার ব্যবহার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
হাঙ্গেরির সঙ্গে বাংলাদেশের কৃষি ও পানি ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “পানি ভবিষ্যতে একটি কৌশলগত সম্পদে পরিণত হবে।”
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় দুই দেশের এক সাথে কাজ করার কথা বলেন ভিক্তর অরবেন।
হাঙ্গেরি এখন ইউরোপের বৃহত্তর সূর্যমুখী উৎপাদকারী দেশ হিসাবে পরিচিত বলেও জানান দেশটির প্রধানমন্ত্রী।
ব্যবসার মধ্য দিয়ে দুই দেশের যোগাযোগ আরও গভীর হবে বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা তার বক্তব্যে হাঙ্গেরির সঙ্গে সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেন।
হাঙ্গরিকে ‘পরীক্ষিত বন্ধু’ হিসাবে উল্লেখ করে তিনি বলেন, ইউরোপের প্রথম দেশ হিসাবে ১৯৭২ সালের ২৯ ডিসেম্বর হাঙ্গেরি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
শেখ হাসিনার হাঙ্গেরি সফরে বাংলাদেশের শিক্ষার্থীদের হাঙ্গেরিতে কৃষি, চিকিৎসা এবং বিজ্ঞানে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এই বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমি তো আমার নাতি-নাতনিদের হাঙ্গেরিতে পড়াব। আর দূরে যেতে হবে না।”
বিজনেস ফোরামের এই বৈঠকে হাঙ্গেরির চেম্বার অফ কর্মার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে এফবিসিসিআইয়ের একটি সমঝোতা স্মারক সই হয়।
এফবিসিসিআইয়ের পক্ষে প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমদ ও হাঙ্গেরির ব্যবসায়ী সংগঠনের পক্ষে ড. পরাহ লাসলো স্বাক্ষর করেন।
বৈঠকে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির চেয়ারম্যান আবদুল মুকতাদির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম এবং হাঙ্গেরিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্তর্জাতিক বিভাগের পরিচালক মারিয়া তেনিয়ানে স্তার্ক, হাঙ্গেরিয়ান এক্সিম ব্যাংকের পরিচালক গাবর সোকস, হেড অফ ডিপার্টমেন্ট অফ হাঙ্গেরিয়ান ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি সাবা জেনেই ও হাঙ্গেরিয়ার ন্যাশনাল ট্রেডিং হাউজের রপ্তানি বিভাগের পরিচালক ওমানি ভানিদজে বক্তব্য দেন।
পানি নিয়ে একটি সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সোমবার হাঙ্গেরি যান শেখ হাসিনা। বুধবার তার দেশে ফেরার কথা রয়েছে।
