রবি ও এটুআই এর মধ্যে সমঝোতা চুক্তি সই
দেশজুড়ে এটুআই পরিচালিত পাঁচ হাজারের বেশি ডিজিটাল সেন্টারের মাধ্যমে ইউটিলিটি বিল পে, এম-টিকেট, এয়ারটাইম রিচার্জের মতো বিভিন্ন ডিজিটাল সেবা গ্রাহকের কাছে পৌঁছে দিতে এটুই এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি।
অপারেটরটি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্প্রতি রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং এটুইর প্রজেক্ট ডিরেক্টর কবীর বিন আনোয়ার এ বিষয়ক চুক্তিটি সই করেন।
এসময় এটুআই এর পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরী, রবির কোম্পানি সেক্রেটারি ও রেগুলেটরি অ্যাফেয়ার্স এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহেদুল আলম এবং ডিজিটাল সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নকারী প্রকল্প একসেস টু ইনফরমেশন (এটুআই)। প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, জেলা তথ্য সেবা কেন্দ্রসহ বেশ কয়েকটি প্রকল্পের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন নাগরিক ই-সেবা দিয়ে আসছে এটুআই।
