শিল্পায়ন বিষয়ক প্রাক সামিট সংলাপে সবুজায়ন ব্যবসা নীতিতে জোর
স্থায়ী ও পরিবেশ বান্ধব শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে সবুজায়ন ব্যবসা নীতি গ্রহণ, আধুনিক প্রযুক্তি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি নীতিনির্ধারক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা।
আগামী বছর হতে যাওয়া ‘বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’এর প্রাক সামিট সংলাপে এসব বিষয় উঠে আসে।
সোমবার রাজধানীর গুলশান ১-এর স্পেকট্রা কনভেনশন সেন্টারে ভিডিও বার্তার মাধ্যমে এই প্রাক-সংলাপের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী জনাব আমির হোসেন আমু।
সংলাপে উপস্থিত বক্তারা দেশের শিল্প কারখানার পরিবেশসম্মত আধুনিকায়ন এবং স্থানীয় শিল্প উদ্যোগে কম জ্বালানি ব্যবহার করে পণ্য উৎপাদন করার উপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সরকার সবুজ শিল্পায়নের জন্যে কাজ করে যাচ্ছে জানিয়ে ভিডিও বার্তায় শিল্পমন্ত্রী বলেন, “শিল্পায়ন আমাদের অগ্রাধিকার, কিন্তু তারপরও শিল্পায়নের ক্ষেত্রে পরিবেশের ক্ষতি করে এমন শিল্পায়নের পক্ষে আমরা নই। আমরা বরাবরই জিরো পলুশন এবং জিরো এক্সপ্লয়েট নীতির ভিত্তিতে শিল্প গড়ে তুলতে বদ্ধ পরিকর।”
সবুজ প্রযুক্তি ব্যবহারকারী শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে কর কমিয়ে দেওয়াসহ বিভিন্ন অনুদানের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন আমির হোসেন আমু।
প্রয়োজনে পরিবেশ বান্ধব শিল্প উদ্যোক্তাদের প্রতি সরকারের পৃষ্ঠপোষকতা ও প্রণোদনা নীতি গ্রহণ করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস পরিবেশ বান্ধব শিল্প উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ভূমিকা তুলে ধরেন।
“৫০টি পণ্যকে সবুজ পণ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এ সকল পণ্য প্রস্তুতকারক শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার জন্য ২০০ কোটি টাকার ফান্ড খোলা হয়েছে।”
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এবং এক্সপোনেট এক্সিবিশনের যৌথ উদ্যোগে হবে এই আয়োজন।
অনুষ্ঠানে স্রেডার চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সিকদার বলেন, এই সামিট ব্যবসাকে পরিবেশ বান্ধব ও উৎপাদনশীল ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে স্থানীয় শিল্পমালিকদেরে মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
দেশি-বিদেশি শিল্প মালিক, সরকার ও বিনিয়োগকারীদের মধ্যকার এই সামিট দেশে পরিবেশ বান্ধব টেকসই শিল্পায়নের পথ আরও সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিল্পমন্ত্রী।
তিনি বলেন, “সামিটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের দেড় শতাধিক অর্থনীতি বিশেষজ্ঞ ও শিল্প কারখানার প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ পরিবেশ বান্ধব টেকসই শিল্পায়নের অভীষ্ট লক্ষ্য অর্জনে এক ধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছি।”
আয়োজকরা জানান, মূল সামিটে বিভিন্ন দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড নিয়ে প্রদর্শনী হবে, যাতে বিভিন্ন দেশের অর্থনীতিবিদ, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও বিশেষজ্ঞদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এই প্রদর্শনীতে ১৪টির বেশি দেশের ১৮০টি কোম্পানি ও ৫৫৫টি ব্র্যান্ডের ২৭০টি স্টল থাকবে।
