২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে শহুরে মানুষের কাছে তুলে ধরতে রাজধানীতে তিন দিনব্যাপী নবান্ন উৎসবের আয়োজন করেছে প্রাণ-আরএফএল গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 07:24 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

আগামী বুধবার থেকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব’ বসবে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

এতে বঙ্গ মিলারসের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ শাহান শাহ আজাদ জানান, নাচ-গান, পুতুল নাচ, নাগরদোলা, পুঁথি পাঠ, বায়োস্কোপ, গাজীর কিসসা, পালকি, লাঠি খেলা, সাপ খেলা ও বানর নাচে ভরপুর থাকবে তিন দিনের এই আয়োজন।

এছাড়া রবীন্দ্র সরোবরে বসবে ৩২টি বাহারি পিঠার স্টল।

অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আজাদ বলেন, “কালের বিবর্তনে আমাদের সংস্কৃতি থেকে অনেক ঐতিহ্যবাহী উৎসব হারিয়ে যাচ্ছে। নবান্ন উৎসবের মতো এমন দেশীয় আনুষ্ঠানিকতায় শহরের মানুষকে পরিচিত করে তোলাই আয়োজনের উদ্দেশ্য।”

উৎসবের ব্যবস্থাপনায় থাকছে শোবিজ এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মেহেদি হাসান জানান, রীতি অনুযায়ী পহেলা অগ্রহায়ন এই উৎসবর আয়োজন করার ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে সম্ভব হয়নি। ভবিষ্যতেও এমন আয়োজন করা হবে এবং তা যথা সময়ে করার চেষ্টা করা হবে।

উৎসবের সাংস্কৃতিক পর্বে শিল্পী ফকির আলমগীর, কুদ্দুস বয়াতি, ফকির শাহাবউদ্দিন, কিরন চন্দ্র, চন্দনা মজুমদারসহ অনেকে গান পরিবেশন করবেন বলে জানানো হয়।

সব শ্রেণি-পেশার মানুষ এ উৎসবে অংশ নিতে পারবেন। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।