হুয়াওয়ের নতুন ৫টি গ্রাহক সেবা কেন্দ্র
সিলেট, গাজীপুর, খুলনা, বগুড়া ও রাজধানী ঢাকায় পাঁচটি সেবাকেন্দ্রের উদ্বোধন করল প্রযুক্তি ও স্মার্টফোন নির্মাতা কোম্পানি হুয়াওয়ে।
রোববার হুয়াওয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নভেম্বরে খুলনা, বগুড়া, গাজীপুর ও সিলেটে চারটি এবং রাজধানীর পুরানা পল্টনে একটি সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়।
পুরানা পল্টনে সেবাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের পরিচালক ইংমার ওয়্যাং বলেন, “বাংলাদেশের বাজারের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণে আমরা অতি শীঘ্রই দেশজুড়ে আরও অনেক বেশি সেবা কেন্দ্র চালু করব।”
নতুন চালু হওয়া সেবাকেন্দ্রগুলো পুরানা পল্টনের বাইতুল ভিউ টাওয়ারে, গাজীপুরের ভাওয়াল পয়েন্ট শপিং কমপ্লেক্সে, সিলেটের পূর্ব জিন্দাবাজারে আর বি কমপ্লেক্সে, খুলনায় শেখপাড়া তেঁতুলতলা মোড়ের কেডিএ অ্যাভিনিউয়ে এবং বগুড়ার আল-আমিন কমপ্লেক্সে অবস্থিত।
সেবাকেন্দ্রগুলোতে গ্রাহকরা ওয়্যারেন্টি থাকা ডিভাইসগুলোর বিনামূল্যে গ্রাহক সেবা নিতে পারবেন এবং এর সাথে ওয়্যারেন্টিবিহীন ডিভাইসের ক্ষেত্রে কম মূল্যে সেবা নিতে পারবেন বলে জানায় হুয়াওয়ে।
নতুন চালু হওয়া সেবাকেন্দ্রগুলোসহ হুয়াওয়ের বর্তমানে দেশজুড়ে ছয়টি গ্রাহক সেবা কেন্দ্র এবং ৫২টি কালেকশন পয়েন্ট রয়েছে। এছাড়াও আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে হুয়াওয়ে দেশজুড়ে আরও আটটি সেবাকেন্দ্র চালু করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রাহককে আরও কার্যকর উপায়ে সেবাদানের জন্য একটি হটলাইনও- ০৯৬১০৭৭৭৭৭৭ চালু করেছে কোম্পানিটি। হটলাইনটি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রাহক সেবা দেয় বলে জানায় হুয়াওয়ে।
