২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবজির দাম কমছে, বেড়েছে আলু-পেঁয়াজের

শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঢাকার কাঁচাবাজারে শাক সবজির দামও কমতে শুরু করেছে; তবে মওসুমের শেষ সময়ে এসে পেঁয়াজ ও আলুর দাম কিছুটা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2016, 11:26 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

শুক্রবার ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, কিছু কিছু শাক সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ১৫ টাকা করে কমেছে, আবার কিছু বিক্রি হচ্ছে আগের দামেই।

তবে পেঁয়াজের দাম আবারও কেজিতে ১০ টাকা বেড়ে ৪৫ টাকায় উঠেছে। এর বাইরে মাছ-মাংস আর ডিমের বাজার স্থিতিশীল দেখা গেছে।

চলতি মাসের শুরুতে দেশি পেঁয়াজের দাম কমে প্রতি কেজি ৩০ টাকায় নেমেছিল। পরে তা ধীরে ধীরে আবার বাড়তে থাকে। আলুর দামও কেজিতে ৫ টাকা বেড়ে এখন ৩০ টাকায় উঠেছে।

কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতা আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মওসুমের শেষ দিকে এসে আলু-পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। মাঝখানে খুচরা পেঁয়াজ ৩০ টাকায় নেমেছিল এখন তা আবার ৪০/৪৫ টাকায় উঠেছে।

‘সিজনের’ শেষ সময় হওয়ায় এমনটি হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রতি বছরই শেষ দিকে একটু বাড়ে। এর চেয়ে বেশি বাড়বে বলে মনে হচ্ছে না।

সকালে বাড্ডা বাজারে গিয়ে দেখা যায়, বেগুন ৫০ টাকা, টমেটো ৭০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পটল ৩০ টাকা, করলা ৪৫ টাকা, সিম ৫০ টাকা, সাদা বেগুন ৪০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। ফুল কপি প্রতিটি ২৫ টাকা ও বাধা কপি ৩০ টাকা করে বিক্রি হচ্ছে।

এই বাজারের সবজি বিক্রেতা ইমনের ভাষ্য, বাজার কিছুটা কমেছে। গত সপ্তাহেও সিম ৭০ টাকায়, বেগুন ৬০ টাকায় বিক্রি হয়েছে এ বাজারে।

তবে বরাবরের মতোই কারওয়ান বাজারে এসব সবজির দাম ছিল আরও কম। সেখানে শালগম ৩০ টাকা, লাল টমেটো ৬০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা, করলা ৪০ টাকা, সিম ৪০ টাকা, মুলা ২৫ টাকা, কাচা মরিচ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

হাতিরপুল এলাকা থেকে সকালে কারওয়ান বাজারে কেনাকাটা করতে এসেছিলেন বাংলাদেশ বেতারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ভি সি সাহা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার যেকোনো বাজারের চেয়ে কারওয়ান বাজারে শাক সবজির দাম কম থাকে।

“বাজার সম্পর্কে ভালো আইডিয়া নেই, অনেক দিন পর পর আসি। তবে শাক সবজির দাম বেশ কমই মনে হচ্ছে এখানে,” বলেন তিনি।

মাছের বাজার ঘুরে মাছ ও মাংসের দাম বেশ স্থিতিশীল দেখা যায়।

কারওয়ান বাজারে ৬০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০-৫৫০ টাকায়। প্রকারভেদে প্রতি কেজি রুই মাছ ২২০ টাকা থেকে ২৫০ টাকায়, কাতল প্রকারভেদে ২৮০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ১২০ টাকায়, চিংড়ি ৪০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংস ৪২০ টাকায়, খাসি ৬০০-৬২০ টাকায়, দেশি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকায় (প্রতিটি), পাকিস্তানি কর্ক ২০০ থেকে ২৩০ টাকায় ও ব্রয়লার মুরগি ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হতে দেখা যায়।