বিকেএমইএর ওএসএইচ ইউনিট গঠন
নিটশিল্পের শ্রমিকদের পেশাগত ও স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ইউনিট চালু করেছে বিকেএমইএ।
বৃহস্পতিবার ঢাকায় বিকেএমইএর কার্যালয়ে আইএলওর অর্থায়নে ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সহযোগিতায় অকুপেশনাল সেইফটি অ্যন্ড হেল্থ (ওএসএইচ) ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
বিকেএমইএর সহ-সভাপতি মনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ কলকারখানা অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) সৈয়দ আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন আইএলওর প্রোগ্রাম ম্যানেজার তম পুতেনিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলকারখানা অধিদপ্তরের যুগ্ম-মহাপরিদর্শক মঞ্জুর কাদের খান, বিকেএমইএর সহ-সভাপতি জি এম ফারুক, বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশনের মহাসচিব ফারুক আহমেদ ও বিজিএমইএর পরিচালক মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।
জি এম ফারুক বলেন, বাংলাদেশের পোশাক শিল্পে দুই কোটি লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। তাদের নিরাপত্তা এই খাতকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাবে।
বিকেএমইএর সিইও সুলভ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে ৪০টি কারখানা নির্বাচন করে সেখানে নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ নেওয়া হবে। ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রকৌশলী নিয়ে এই ইউনিট গঠন করা হয়েছে।
বিকেএমইএর অধীনে দুই হাজার ১৮৭ কারখানা রয়েছে বলেও জানান তিনি।
নিট শিল্পের উন্নয়নে ওএসএইচ ইউনিট অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন কলকারখানা অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ।
ভবিষ্যতে বাংলাদেশ কলকারখানা অধিদপ্তর ‘অকুপেশনাল সেইফটি অ্যান্ড হেল্থ ম্যানেজম্যান্ট’ বিষয়ে বিকেএমইএর সহযোগিতা নিয়ে একটি প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করবে বলেও ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে বিকেএমইএর পরিচালক মোস্তফা জামাল পাশা ও আলমগীর কবির, বিকেএমইএর ওএসএইচ ইউনিটের প্রজেক্ট কো-অর্ডিনেটর ফারজানা সারমীন, এসইআইপি প্রজেক্টের চীফ কো-অর্ডিনেটর রূপালী বিশ্বাস উপস্থিত ছিলেন।
