২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রক্রিয়াজাত কৃষিপণ্য ও প্রযুক্তি নিয়ে তিন প্রদশর্নী শুরু

প্রক্রিয়াজাত কৃষিপণ্য ও কৃষি প্রযুক্তি নিয়ে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্ত্রে (আইসিসিবি) তিন প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 09:06 PM

Updated : 11 Oct 2022, 09:22 PM

পুরনো খবর:

কৃষিপণ্য ও প্রযুক্তি নিয়ে ঢাকায় তিনদিনের প্রদর্শনী

বৃহস্পতিবার আইসিসিবির একই ছাদের নিচে ‘৪র্থ বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৬’, ‘৬ষ্ঠ এগ্রো বাংলাদেশ এক্সপো ২০১৬’ ও ‘রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো ২০১৬’ নামের এই তিন প্রদর্শনীর উদ্বোধন করেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।

দেশের প্রক্রিয়াজাত কৃষিপণ্য উৎপাদনকারী ও রপ্তানিকারক কোম্পানিগুলোর সংগঠন ‘বাংলাদেশ এগ্রো-প্রসেসরস’ অ্যাসোসিয়েশন (বাপা) আয়োজিত এই প্রদর্শনীতে অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার বেনোয়া পিয়ের লারামে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বক্তব্যে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী পলক প্রক্রিয়াজাত কৃষিপণ্য ভোক্তাদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে উৎপাদনকারী ও রপ্তানিকারকদের মধ্যে “নেটওয়ার্ক প্ল্যাটফর্ম” গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ লক্ষ্য বাস্তবায়ন করতে বাপাকে সরকারের তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ক (আইসিটি) বিভাগের সঙ্গে যৌথ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

স্বল্প মূল্যে ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া এবং সহজ লেনদেন নিশ্চিতকরণে প্রক্রিয়াজাত কৃষিপণ্য উৎপাদনকারী ও রপ্তানিকারকদের সঙ্গে ‘চুক্তি বদ্ধ’ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন পলক বলেন, “আইসিটি বিভাগ বাপার সাথে চুক্তি করে একসাথে কাজ করতে চায়, যাতে সহজে ও কম খরচে অনলাইন লেনদেনের মাধ্যমে মানুষের বাড়িতে, হাতে প্রক্রিয়াজাত পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়।”

মেলা ঘুরে দেখে প্রতিমন্ত্রী বলেন, “এখানে আমার এগ্রো প্রসেসড ফুড দেখবার সুযোগ হয়েছে, যা অত্যন্ত গর্বের ব্যাপার। আমি খুবই আনন্দিত এই ভেবে যে আমাদের এগ্রো প্রসেসড ফুড এতো এগিয়ে গেছে, যা আমার ধারণাই ছিল না।”

প্রতিমন্ত্রী অনেক বৈরিতা ও বাঁধা থাকার পরও বাংলাদেশের অর্থনীতিতে রপ্তানিকারকদের অবদানকে ‘চমৎকার ভূমিকা’ হিসেবে অভিহিত করেন।

“এই বছর দেশের রপ্তানি আয়ের প্রায় ২২৪ বিলিয়ন ডলার প্রক্রিয়াজাত কৃষিপণ্য থেকে এসেছে। এছাড়াও কৃষিপণ্য উৎপাদন করে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করে দেশের তিন লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।”

উদ্বোধন অনুষ্ঠানে বাপা সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী দেশের কৃষকদের উন্নয়নের আওতায় আনা এবং কৃষিজাত পণ্য রপ্তানিকারকদের ও শিল্প উদ্যোগতাদের যাতায়াত সমস্যার দ্রুত প্রতিকারের দাবি জানান।

রেলমন্ত্রী দেশের কৃষক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানিকারকদের ‘দেশের গুরুত্বপূর্ণ অংশ’ হিসেবে অভিহিত করে বলেন, “আমি এদেশের একজন কৃষকের সন্তান। আপনারা রেমিটেন্স দিয়ে দেশের সেবা করেছেন, আপনাদের সমস্যা সমূহ আমি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব।” 

প্রক্রিয়াজাত কৃষিপণ্যের প্রচার, প্রসার ও ব্যবসা বাণিজ্যের নতুন খাত তৈরির লক্ষ্যে শুরু হওয়া কৃষি সংশ্লিষ্ট পণ্য, প্রযুক্তি ও যন্ত্রাংশের তিনদিনের এ প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য তা উন্মুক্ত থাকবে।

এই আয়োজনকে ‘প্রক্রিয়াজাত কৃষিপণ্যের একমাত্র আন্তর্জাতিক মানের মেলা’ অভিহিত করে মেলার মাধ্যমে দেশ ও বিদেশে দেশীয় পণ্যের প্রচার ও প্রসার করাই তাদের মূল উদ্দেশ্য বলে জানান বাপা সভাপতি।

আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানের পারস্পারিক বাণিজ্যের প্রসার এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানসমূহের পরিচয় করানো এই মেলার অন্যতম লক্ষ্য বলে জানান ফখরুল।