২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিপণ্য ও প্রযুক্তি নিয়ে ঢাকায় তিনদিনের প্রদর্শনী

প্রক্রিয়াজাত কৃষিপণ্যের প্রচার, প্রসার ও ব্যবসা বাণিজ্যের নতুন খাত তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে কৃষি সংশ্লিষ্ট পণ্য, প্রযুক্তি ও যন্ত্রাংশের তিনদিনের প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 11:36 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আইসিসিবি) একই ছাদের নিচে ‘৪র্থ বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৬’, ‘৬ষ্ঠ এগ্রো বাংলাদেশ এক্সপো ২০১৬’ ও ‘রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো ২০১৬’ নামের তিনটি প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য তা উন্মুক্ত থাকবে।

মঙ্গলবার রাজধানীর সোবহানবাগের নাভানা নিউভেরি প্লেসে এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত তুলে ধরেন প্রদর্শনী আয়োজনের দায়িত্বে থাকা বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী।

এই আয়োজনকে ‘প্রক্রিয়াজাত কৃষিপণ্যের একমাত্র আন্তর্জাতিক মানের মেলা’ অভিহিত করে মেলার মাধ্যমে দেশ ও বিদেশে দেশীয় পণ্যের প্রচার ও প্রসার করাই তাদের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

বাপা সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মেলা ব্যবসায়িক লাভের জন্য করছি না। এর মাধ্যমে আমাদের মানসম্মত ও বৈচিত্র্যময় পণ্য বিশ্ব দরবারে তুলে ধরব। দেশের ক্রেতাদের উদ্দেশে আমরা জানাতে চাই যে আমাদের খাদ্য নিরাপদ।”

আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানের পারস্পারিক বাণিজ্যের প্রসার এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানসমূহের পরিচয় করানো এই মেলার অন্যতম লক্ষ্য বলে জানান ফখরুল।

মেলায় বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, নেদারল্যান্ড, স্পেন, তুরস্ক, মালয়শিয়া ও  ইন্দোনেশিয়াসহ ১৩ টি দেশের শতাধিক প্রতিষ্ঠান পণ্য ও সেবা প্রদর্শন করবে।

এই মেলায় প্রক্রিয়াজাত কৃষিপণ্য, কৃষি সংশ্লিষ্ট প্রযুক্তি ও যন্ত্রাংশের প্রদর্শনী ছাড়াও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সাথে দেশীয় প্রতিষ্ঠানের বিজনেস ম্যাচিং সেশন ব্যবস্থা থাকবে যাতে দেশ-বিদেশের এই খাতের বিশেষজ্ঞরা উপস্থিত থাকবে।

বৃহস্পতিবার মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত থাকার কথা রয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান নাজমুল হক নাজিম, প্রাণের রপ্তানি ম্যানেজার মিজানুর রহমান ছাড়াও বাপা-এর সাথে সংশ্লিষ্ট আমদানি-রপ্তানি সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশে প্রক্রিয়াজাত কৃষিপণ্যের উৎপাদনকারী ও রপ্তানীকারক কোম্পানিগুলোর অলাভজনক সংগঠন বাপা ১৯৯৮ সালে ১৩ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ৫০২।