২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী ওমান

বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের বিনিয়োগকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 11:36 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

বুধবার দুপুরে ব্যবসায়ীদের সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)-এর সঙ্গে অনুষ্ঠিত এক  বৈঠকে বাংলাদেশ সফররত ওমানের বাণিজ্য প্রতিনিধি দল এ আগ্রহ প্রকাশ করে।

মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে  ওমানের বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (ওসিসিআই) চেয়ারম্যান সৈয়দ সালেহ সায়েদ আল কাইয়ুমী।

সভাপতির বক্তব্যে শফিউল ইসলাম মহিউদ্দিন বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরেন।

বৈঠকে মুক্ত আলোচনায় বাংলাদেশি উদ্যোক্তাদের পক্ষ থেকে ওমান বাণিজ্য প্রতিনিধি দলকে বাংলাদেশের ফার্মাসিটিউক্যাল, পাট, পর্যটন, ফার্নিচার, আইসিটি, হ্যান্ডিক্রাফটসহ অন্যান্য খাতে বিনিয়োগের আহ্বান জানান।

ওসিসিআই চেয়ারম্যান সৈয়দ সালেহ সায়েদ আল কাইয়ুমী বাংলাদেশের বিদ্যুৎ, চামড়া, পাট, ফার্নিচার, হ্যান্ডিক্রাফে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বলেন, “বাংলাদেশ একটি মুসলিম দেশ। এ দেশের সঙ্গে আমাদের অনেক মিল রয়েছে। আমরা এ দেশে বিনিয়োগ করতে চাই।”

ওমানে বাংলাদেশ যে সব পণ্য রফতানি করে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- কৃষি পণ্য, ইঞ্চিনিয়ারিং পণ্য, নিটওয়্যার, ওভেন গার্মেন্টস, ফুটওয়্যার, ফ্রোজেন ফুডস, প্ল্যাস্টিক পণ্য, পাট ও পাটজাত দ্রব্য ইত্যাদি।

অপরদিকে ওমান থেকে বাংলাদেশ আমদানি করে থাকে প্ল্যাস্টিক, রবার, বেস মেটাল, আর্টিকেল মেটাল, মিনারেল প্রোডাক্ট, লাইভ অ্যানিমলস, অ্যানিমলস প্রোডাক্ট, ক্যামিকেল, টেক্সটাইল আর্টিকেল ইত্যাদি।