২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিজিপিএন কোর্সের সনদ দিল নেসলে নিউট্রেশন ইনস্টিটিউট

সমাবর্তনের আয়োজন করে এক বছর মেয়াদী পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম অন পেডিয়াট্রিক নিউট্রেশন বা পিজিপিএন স্নাতকোত্তরদের সনদ দিয়েছে নেসলে নিউট্রেশন ইনস্টিটিউট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 12:17 AM

Updated : 20 Aug 2022, 02:19 PM

সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরতদের মধ্য থেকে কোর্সে অংশ নেওয়া ৩০০ চিকিৎসককে মঙ্গলবার ঢাকার লো মেরিডিয়ান হোটেলে সমাবর্তন দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় নেসলে নিউট্রেশন ইনস্টিটিউট (এনএনআই) এক বছর মেয়াদী এই সার্টিফিকেইট কোর্সের আয়োজন করে। এবারের কোর্সে সারাবিশ্ব থেকে চার হাজার ৩০০ চিকিৎসক অংশ নিয়েছেন।

অংশ নেওয়া চিকিৎসকরা ইন্টারনেটের সহায়তায় বিশ্বের প্রসিদ্ধ শিশু পুষ্টি বিশেষজ্ঞদের ক্লাসে অংশ নিয়েছিলেন। অনলাইনের মাধ্যমেই মাসিক পরীক্ষাগুলোতে অংশ নিয়েছেন তারা।

সনদ বিতরণের অনুষ্ঠানে সমবেতদের জন্য একটি কর্মশালারও আয়োজন করা হয়। ভারতের এমএম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চের বিভাগীয় প্রধান সুনীত সি সিঙ্ঘি সেখানে নিবন্ধন পড়ে শোনান।

সমাবর্তন অনুষ্ঠানের অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম।

অনুষ্ঠানে কামরুল বলেন, শিশুদের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করতে এনএনআই’র এ ধরনের কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দক্ষ, জ্ঞান সম্পন্ন ও দায়িত্বশীল শিশুরোগ বিশেষজ্ঞ তৈরি করবে।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে তিনি বলেন, স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে অনেক পেছনে নিয়ে যাওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর দেশ প্রতিটি ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে।

“মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হার কমেছে; অতি দারিদ্রের হার ২৪ শতাংশের নিচে নেমেছে, চাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থতম রাষ্ট্রের মর্যাদা পেয়েছে, খাদ্য ঘাটতির দেশে থেকে এখন খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে।”

খাদ্য নিরাপত্তায় সরকার ভবিষ্যতে আরও জোর দেবে জানিয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যেই সরকার ১৮টি মন্ত্রণালয়ের সমন্বয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠনের পরিকল্পনা হাতে নিয়েছে। উৎপাদন থেকে শুরু করে প্যাকেজিং এমন কি খাবার টেবিল পর্যন্ত খাদ্যের প্রতিটি সাইকেলে যেন নিরাপত্তা বজায় থাকে সেটাই এই উদ্যোগের লক্ষ্য।

বাংলাদেশ মেডিকেল রিচার্স কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ মোদাচ্ছের আলী সমাবর্তন বক্তা হিসাবে বক্তব্য রাখেন।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক এনায়েত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স অ্যান্ড প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অধ্যক্ষ মনিরুজ্জামান ভূঁইয়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।