তাইওয়ান সিএসিসিআই সম্মেলনে এফবিসিসিআই প্রতিনিধিদল
এশিয়া অঞ্চলের ব্যবসায়ী সংগঠনগুলোর জোট কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) ৩০তম সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।
সোমবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- এফবিসিসিআইর সভাপতি আব্দুল মাতলুব আহমাদের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল তাইওয়ানের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
চায়না আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা অ্যাসোসিয়েশনের এবং চায়না ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের যৌথ সহায়তায় সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সিএসিসিআইয়ের এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘এশিয়ার উত্থান: বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ’।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সিএসিসিআই হচ্ছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর শীর্ষ চেম্বার অব কমার্স এবং অ্যাসোসিয়েশনগুলোর একটি সংগঠন, যা এ অঞ্চলের প্রায় ৩৫ লাখ ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুইদিনের এই সম্মেলনে গোলটেবিল বৈঠক, প্লেনারি সেশন এবং পুরস্কার বিতরণী পর্ব রয়েছে। স্থানীয় চেম্বার বিভাগে চট্টগ্রাম চেম্বার অব কমার্স মনোনীত হয়েছে। এছাড়া উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রথম এশিয়া প্যাসিফিক উইমেন এন্টারপ্রেনর অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে।
এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ প্লেনারি সেশনে ‘জাতীয় উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভূমিকা’ নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেবেন। এছাড়া এফবিসিসিআই সহ-সভাপতি মাহবুবুল আলম বিশেষ সেশনে ‘সিএসিসিআই এর মাধ্যমে বাণিজ্য সম্ভাবনা উন্মোচন’ বিষয়ে বক্তব্য রাখবেন। উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমাদ সেক্টোরাল গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করবেন।
এফবিসিসিআই প্রতিনিধিদলে এফবিসিসিআইর পরিচালক মিসেস মনোয়ারা হাকিম আলী, কে.এম. আক্তারুজ্জামান ও আমিন হেলালী রয়েছেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
