আরও কমেছে সোনার দাম
বিশ্ববাজারে দর পড়তে থাকায় বাংলাদেশে এক সপ্তাহের ব্যবধানে আবার কমেছে সোনার দাম।
সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দর প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) প্রায় এক হাজার টাকা কমিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
২১ ক্যারেটের দাম কমেছে ৮১৬ টাকা। আর ১৮ ক্যারেটেরটা কমছে ভরিতে ৫৮৩ টাকা।
সোনার দাম কমলেও রুপার দর বেড়েছে ভরিতে ১১৭ টাকা।
নতুন দর সোমবার থেকে কার্যকর হবে বলে রোববার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব সময়ই আমরা আন্তর্জাতিক বাজারের সঙ্গে আমাদের স্থানীয় বাজারের দর সমন্বয় করি। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে সোনার দাম কমেছে। তার সঙ্গে সমন্বয় করে আমরা আমাদের বাজারেও কমিয়েছি।
“এক সপ্তাহ আগে আমরা সোনার কম কমিয়েছিলাম। এই কয় দিনে বিশ্ব বাজারে দাম আরও কিছুটা কমেছে। আমরা সেই দর সমন্বয় করেছি।”
সোনার দর সর্বশেষ গত ১৪ নভম্বের দেড় হাজার টাকা করে কমিয়েছিলেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
তার আগে চলতি বছরের ২৬ জুন সোনার দর ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল। তার এক সপ্তাহ আগে এক হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল।
এখন কমানোর পর সোমবার থেকে ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ৪৫ হাজার ৮৯৭ টাকায় বিক্রি হবে। তা রোববার পর্যন্ত ৪৬ হাজার ৮৮৯ টাকা দরে বিক্রি হচ্ছিল।
নতুন দর অনুযায়ী, প্রতি গ্রাম ২২ ক্যারেট মানের সোনার দর পড়বে ৩ হাজার ৯৩৫ টাকা। রোববার পর্যন্ত দর ছিল ৪ হাজার ২০ টাকা।
সোমবার থেকে ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪৩ হাজার ৮৫৭ টাকায় (প্রতি গ্রাম ৩৭৬০ টাকা) । ১৮ ক্যারেটের দাম হবে ৩৭ হাজার ৯০৮ টাকা (প্রতি গ্রাম ২৫০ টাকা)।
প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ২৫ হাজার ১৯ টাকায় (প্রতি গ্রাম ২১৪৫ টাকা)।
রোববার পর্যন্ত প্রতিগ্রাম ২১ ক্যারেট মানের সোনা ৩ হাজার ৮৩০ টাকায় বিক্রি হয়। ১৮ ক্যারেট বিক্রি হয় ৩ হাজার ৩০০ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয় ২ হাজার ২৩০ টাকায়।
প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।
সনাতন পদ্ধতির সোনা পুরনো স্বর্ণালঙ্কার গলিয়ে তৈরি হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে, তার কোনো মানদণ্ড নেই।
সোমবার থেকে প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকায় (প্রতি গ্রাম ৯০ টাকা) বিক্রি হবে। রোববার পর্যন্ত এর দর ছিল ৯৩৩ টাকা।
