২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাফল্য পেতে ডিঙাতে হবে বাধা’

বাধা-বিপত্তি আর চ্যালেঞ্জ অতিক্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার কৌশলগুলো নিজ নিজ ক্ষেত্রে সফলদের মুখেই শুনে নিলেন নতুন প্রজন্মের একঝাঁক স্বপ্নচারী তরুণ।

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 01:39 AM

Updated : 11 Oct 2022, 09:21 PM

শুক্রবার ছুটির দিনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জড়ো হওয়া হাজারের বেশি তরুণ-তরুণীকে ব্যক্তি জীবনে অনন্য হয়ে উঠার কৌশল শোনালেন সঙ্গীত শিল্পী তাহসান, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী, কর্পোরেট জগতের সফল নারী রুবাবা দৌলাসহ আরও অনেকে।

তরুণরা ক্যান্সারসহ নানা জটিল রোগ থেকে মুক্ত হয়ে শুধু বিশ্বাসের জোরে সঙ্গীত জগতে সাফল্য পাওয়ার রহস্য শোনেন বেস গিটারিস্ট সুমনের কাছ থেকে।

ডনসামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির ‘রাইজ এবভ অল’ শিরোনামের ব্যতিক্রমী এই আয়োজনের সহযোগী ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

দিনভর চলা এই ক্যারিয়ার আড্ডায়- জীবনের বাঁকে বাঁকে এসে পড়া বাধাগুলো ডিঙিয়ে নিজ নিজ ক্ষেত্রে সফল হওয়ার অভিজ্ঞতার কথা শোনা যায় নির্বাচিত বক্তাদের মুখে। সফলতা, সুখ আর পূর্ণতা নিয়ে নিজেদের ভাবনা শোনান তারা।

সকালে বেইজ গিটারিস্ট সুমনের মুখে নিজের জীবন সংগ্রামের বর্ণনার মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন।

গত শতকের শেষ দশকে সঙ্গীতাঙ্গনে পা রাখা এই সঙ্গীত শিল্পী বলেন, শুধু অদম্য ইচ্ছার জোরে মাত্র দেড় বছরে ১৭৪ কেজি ওজন থেকে একশ কেজি কমাতে পেরেছি। এর পর থেকে আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে।

“ক্ষুদ্র এই জীবনে ক্যান্সারসহ অনেক জটিল রোগে আক্রান্ত হয়েছিলাম। ইচ্ছা শক্তি অনেক বেশি বলেই এখনও সঙ্গীত ক্যারিয়ার ধরে রাখতে পেরেছি।”

সারা দিন বক্তব্য শুনে ক্লান্ত শ্রোতারা সন্ধ্যায় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসানকে পেয়ে আবার উজ্জীবিত হয়ে উঠেন।

তাহসান বলেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করতে হবে বার বার; ভেতর থেকে জেগে উঠা সিদ্ধান্তে থাকতে হবে অটল।

“সমালোচনা আসতে পারে আবার প্রশংসাও আসতে পারে। তবে সফলতার জন্য দৃঢ়তা খুবই গুরুত্বপূর্ণ।”

নতুন প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, বড় সফলতা পেতে সবাইকে নিয়ে সামনে এগুনোর চিন্তা করতে হবে। নিজে বড় হওয়ার পাশপাশি অন্যের জন্যও সহযোগিতার হাত বাড়তে হবে, সেটাই মহত্ব।

অতিথিদের বক্তব্যের বিরতিতে উৎসাহমূলক বক্তব্য আসে আয়োজক ডন সামদানির মুখ থেকেও।

তিনি বলেন, “দুর্বল বিশ্বাস কখনও কখনও মানুষকে দমিয়ে দেয়। নিজের ভেতরে আত্মবিশ্বাস জাগাতে না পারলে ব্যর্থতা অতিক্রম করা কঠিন হয়ে যায়।

“আমি যদি ধরেই নেই, আমাকে দিয়ে সম্ভব নয়, তাহলে সম্ভাবনা কোথা থেকে আসবে। বরং বড় করে চিন্তা করলে সাফল্যের সম্ভবনা জেগে উঠে।”

মানুষের ভেতরের অন্তর্দ্বন্দ্বকে ব্যর্থতার আরেকটি কারণ হিসেবে চিহ্নিত করেন ডন।

তিনি  বলেন, “সামনে দুটি অপশন আসলে ঝটপট ভেবে ফেলতে হবে আগপিছ। ‘ডান-বাম’ যেকোনো একটা সিদ্ধান্ত পাকাপোক্ত করে ফেলতে হবে। অন্যথায় সময় গড়িয়ে গেলেও সফলতার দেখা মিলবে কিনা সন্দেহ।”

এযুগের সফল ব্যক্তিদের মধ্যে অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস, প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট-র প্রতিষ্ঠাতা বিল গেটস, ফোর্ড মটরসের প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ডের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।

ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন জারা জাবিন মাহবুব নিজের সংসার, যৌথ পরিবার সামাল দেওয়ার পাশাপাশি কর্পোরেট কোম্পানির বড় পদে চাকরির অভিজ্ঞতা তুলে ধরেন।

মঞ্চে চল্লিশোর্ধ এবং সন্তান সম্ভবা এই নারীর প্রাণবন্ত আলোচনায় মুগ্ধ শ্রোতারা বার বার করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান।

“সব সময় আত্মবিশ্বাসী ছিলাম। ছোটবেলা থেকেই সংকোচ করতে শিখিনি। এ বয়সে সন্তান ধারণ নিয়ে অনেকে অবাক হলেও আমার পক্ষে দিব্বি সম্ভব হচ্ছে,” বলেন জারা জাবিন। 

গ্রামীণফোনের সাবেক চিফ কমিউনিকেশন অফিসার রুবাবা দৌলা বলেন, “জীবনের দীর্ঘ সময় কর্পোরেট কোম্পানিতে চাকরি করতে গিয়ে অনেক বাধা এসেছে। নারী হিসেবে এসব বাধা অতিক্রম করেই সামনে এগুতে হয়েছে। দক্ষতার সাথে চ্যালেঞ্জগুলো অতিক্রম করাই সাফল্যের রহস্য।

“স্বাধীন চেতা নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে অনেক বড় প্রতিযোগিতায় নামতে হয়েছে। বাধাগুলো অতিক্রম করেই সামনে এগুতে হয়েছে।”

চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, “জাতি হিসেবে আমরা নিজেদের বড় করে ভাবতে শিখিনি। নিজে বড় হতে না চাইলে কেউ বড় করবেনা।

“বাংলাদেশের বর্তমান তরুণ প্রজন্ম অনেক বেশি অগ্রসরমান। এদেশের ভবিষ্যত দিন দিন আরও উজ্জল হচ্ছে,” বলেন এই নির্মাতা।

অনুষ্ঠানের প্যানেল আলোচনায় অংশ নেন এডিসন গ্রুপের নাফিস আলম, কুপার বেকারির আলভী চৌধুরী, এপিলিয়ন গ্রুপের রেজাউল কবির, চেইন শপ স্বপ্নের আফতাবুল করিম তালিম, বিকাশের রেজাউল করিমসহ আরও কয়েকজন কর্পোরেট চাকরিজীবী। দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।

আয়োজনে সহযোগিতায় ছিল এপিলিয়ন গ্রুপ, অমিকন গ্রুপ, স্বপ্ন, সিম্ফোনি, বিকাশ, গাজী টিভি, ঢাকা ট্রিবিউন, ইউএনবি, বাংলা ট্রিবিউন, কালার্স এফএম ১০১.৬, ইএমকে সেন্টার।