পোশাক খাতে মালিক-শ্রমিক বিরোধে ‘বিকল্প নিষ্পত্তি’র প্রস্তাব
তৈরি পোশাক শিল্পে গঠনমূলক সম্পর্কের উন্নয়নের পাশাপাশি মালিক শ্রমিক বিরোধ সমাধানে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি’ পদ্ধতি গ্রহণের প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ এর লেক ক্যাসেল হোটেলে আয়োজিত এক সেমিনার থেকে এ প্রস্তাব আসে।
শ্রমিক অধিকার নিয়ে বাংলাদেশে কাজ করা এনজিও ‘সলিডারিটি সেন্টার’ এই সেমিনারের আয়োজন করে, যাতে তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও মালিক বিরোধ নিষ্পত্তিতে কর্মরত সরকারি ও বেসরকারি সংস্থার নীতিনির্ধারকেরা উপস্থিত ছিলেন।
সেমিনারে আসা সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা প্রচলিত বিরোধ নিষ্পত্তি পদ্ধতিকে ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী আখ্যা দিয়ে তা মালিক ও শ্রমিক উভয়ের জন্যই ক্ষতিকর বলে মন্তব্য করেন।
বিরোধ নিষ্পত্তিতে আলোচনার গুরুত্ব তুলে ধরে সেমিনারের অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিখাইল শিপার বলেন, “আলোচনা ছাড়া কোনো বিরোধ নিষ্পত্তি করা সম্ভব নয়। মালিক শ্রমিক দ্বন্দ্ব হবেই, তবে তা দ্রুত নিষ্পত্তিও করা জরুরি।
“লেবার সেক্টরে আলোচনার কোনো বিকল্প নেই। মালিক-শ্রমিক শ্রেণি আলোচনায় না বসলে এই সেক্টর আগাবে না। আমাদের শ্রমিক শ্রেণি ভাল অবস্থানে নেই, তাদের প্রাপ্য অধিকার আমরা আড়ষ্টভাবে দিচ্ছি।”
গুলশানের সেমিনার
তিনি বলেন, “শিল্প বিরোধের ক্ষেত্রে যৌথ দর কষাকষি প্রতিনিধি (সিবিএ) অথবা মালিকের কাছে দাবিনামা উত্থাপন করতে হয়।”
শিল্প বিরোধ নিষ্পত্তিতে নেওয়া সরকারি পদক্ষেপের দীর্ঘসূত্রিতা তুলে ধরে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি’-এর বিকল্প নেই বলে মত দেন আনামুল হক।
তিনি জানান, সব প্রক্রিয়া সঠিক ভাবে হলেও শিল্প বিরোধ নিষ্পত্তিতে দুই পক্ষের মধ্যস্থতা করতে ১২০ দিন এবং মধ্যস্থতা সম্ভব না হলে বিচারকার্যের জন্য ২৮৮ দিন প্রয়োজন হয়। এর মধ্যে যদি নিষ্পত্তি কার্যে সময়ের হেরফের হয় তাহলে আইন অনুযায়ী পরবর্তী এক বছর দুইপক্ষই তাদের দাবি উত্থাপন করতে পারে না।
বিরোধ নিষ্পত্তিতে তড়িৎ ব্যবস্থা নিতে এটিকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো দেওয়ার অভিমত জানিয়ে সচিব মিখাইল শিপার শ্রম আইনে ‘সাস্টেইনেবল অপারেশনাল প্রসিডিউর’ সংযুক্তিসহ প্রয়োজনে আইন পরিবর্তন করা হবে বলে আশ্বাস দেন।
আলোচনায় বেসরকারি বিরোধ নিষ্পত্তি প্রতিষ্ঠান বিজিএমইএ-এর অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের প্রোগ্রাম অফিসার উত্তম কুমার দাস, বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের সিনিয়র কাউন্সিল আফরিন আহমেদ, বাংলাদেশ শ্রিম্প ও ফিস ফাউন্ডেশনের পরিচালক জাফরউল্লাহ, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের প্রতিনিধি কেভিন গাস উপস্থিত ছিলেন ।
সেমিনারের সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র ভিত্তিক এনজিও-এর কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর আলোঞ্জো গ্লেন সুসন।
