নাইজেরিয়ার বাণিজ্য মেলায় ওয়ালটন পণ্যে সাড়া
নাইজেরিয়ার লাগোস আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশ নিয়ে ভালো অভিজ্ঞতা অর্জনের কথা জানিয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।
মেলার অভিজ্ঞতার বর্ণনা দিয়ে ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পণ্যের গুণগত উচ্চমান এবং সাশ্রয়ী মূল্য আকৃষ্ট করেছে ক্রেতাদের, পাওয়া গেছে স্পট অর্ডার। অনেকেই ওয়ালটন পণ্যের পরিবেশক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
আফ্রিকার বৃহৎ অর্থনীতির দেশ নাইজেরিয়ার লাগোস শহরের তাফাওয়া বালিওয়া স্কয়ারে ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৬’। বিশ্বের শীর্ষ ব্র্যান্ডগুলো এই মেলায় অংশ নেয়। মেলায় বাংলাদেশে থেকে প্রথমবারের মতো অংশ নিয়েছিল বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।
ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম মাহবুবুল আলম বলেন, আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ মেলা হিসেবে পরিচিত লাগোস আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটনের অংশগ্রহণ ফলপ্রসূ হয়েছে। ওয়ালটন পণ্যের উচ্চ গুণগতমান, সাশ্রয়ী মূল্য আফ্রিকাবাসীর প্রসংশা পেয়েছে।
ওয়ালটনের আন্তর্জাতিক বিপণন বিভাগের প্রধান রকিবুল ইসলাম রাকিব বলেন, ১৮ কোটিরও বেশি মানুষের দেশ নাইজেরিয়া সম্ভাবনাময় এক বিশাল বাজার। বাংলাদেশের সমান আরেকটি বাজার রয়েছে সেখানে।
দেশটি থেকে বেনিন, টোগো, ক্যামেরুন, ঘানা, চাঁদ, মালি, উগান্ডা ও বুরকিনা ফাসোতেও বাজার সম্প্রসারণ সহজ হবে বলে আশা করেন তিনি।
