চরভদ্রাসনে শাহ্জালাল ব্যাংকের শাখা
ফরিদপুরের চরভদ্রাসনে ৯৬তম শাখা চালু করেছে শাহজালাল ইসলামী ব্যাংক।
বৃহস্পতিবার নতুন এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ ।
একইসঙ্গে চরভদ্রাসনে ব্যাংকের শাখা প্রাঙ্গণে একটি এটিএম বুথও চালু করা হয়েছে বলে বৃহস্পতিবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কাজী জাফরুল্লাহ বলেন, দেশে কার্যরত বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ সরকারের সার্বিক উন্নয়নের অন্যতম অংশীদার। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, ব্যবসা-শিল্পের প্রসার, উদ্যোক্তা সৃষ্টি সর্বোপরি সামাজিক দায়বদ্ধতা পরিপালনে দেশের ব্যাংকগুলো অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
সরকারের সঙ্গে জনগণ ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ যেভাবে সমন্বয় করে কাজ করে যাচ্ছে, তাতে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেতে খুব বেশি দিন সময় লাগবে না বলে মন্তব্য করেন তিনি।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক এ কে আজাদ, ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি আওলাদ হোসেন বাবর ও ব্যারিস্টার পল্লব-সহ ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী ও সুধীসমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
