বিটিসিএলের দায়িত্ব নিলেন নতুন এমডি
লোকসানের আবর্তে আটকা পড়া রাষ্ট্রায়াত্ত টেলিযোগাযোগ কোম্পানি বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিসিএস টেলিকম ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার দুই বছরের জন্য মাহফুজ উদ্দিনকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।
এতোদিন বিটিসিএল সদস্য মো. কবির হোসেন ভূঁঞা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
ষাট বছর বয়সী মাহফুজ উদ্দিন ২০১৪ থেকে ২০১৫ সালে ৯ জুলাই পর্যন্ত বিটিসিএলের ভারপ্রাপ্ত এমডি ছিলেন।
তার জন্ম ১৯৫৬ সালে, যশোর জেলায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার পর ১৯৭৯ সালে তিনি বিসিএস (টেলিকম) ক্যাডারে যোগ দেন তিনি।
দেশে বেসরকারি খাতে টেলিকম লাইসেন্স দেওয়ার পর সরকার ২০০৭ সালে তখনকার বাংলাদেশ টেলিযোগাযোগ বোর্ডকে (বিটিটিবি) কোম্পানির রূপ দেয়। এ প্রতিষ্ঠানের নতুন নাম হয় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড- বিটিসিএল।
এক সময় একচেটিয়া ব্যবসা করে এলেও সেবার মান নিয়ে গ্রাহক সন্তুষ্টি ধরে রাখতে না পারায় দুর্নীতি-অনিয়মের অভিযোগের মধ্যে পিছিয়ে পড়তে থাকে বিটিসিএল।
২০১৪ সালে যেখানে এ কোম্পানির সংযোগক্ষমতা ছিল ১৪ লাখ ৫৩ হাজার, সে সময় তাদের গ্রাহক ছিল ৮ লাখের মত। আর সরকারের ২০১৫ সালের অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে এ কোম্পানির লোকসানের পরিমাণ ছিল ৩৭৯ কোটি ৫৭ লাখ টাকা।
