২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে লো মেরিডিয়ানের বর্ষপূর্তি

পেশাদারি ও দেশীয় আতিথেয়তার প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করা ফ্রান্সভিত্তিক হোটেল চেইন লো মেরিডিয়ান এক বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 08:27 PM

Updated : 12 Apr 2022, 03:17 AM

বর্ষপূতি উপলক্ষে মঙ্গলবার লো মেরিডিয়ানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সোমবার হোটেলের কুয়াকাটা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানায় হোটেল কর্তৃপক্ষ।

সম্মেলনে হোটেলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিং লিমিটেডের প্রেসিডেন্ট হাসান আহমেদ সজিব এবং হোটেলের মহাব্যবস্থাপক আশওয়ারী নাওয়ার উপস্থিত ছিলেন।

তারা জানান, বর্ষপূতি অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও গণমাধ্যমসহ সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

রাজধানীর খিলক্ষেতে অবস্থিত শিল্প ও নকশা থিমের ভিত্তিতে নির্মিত পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ান ‘গন্তব্য আবিষ্কার-নতুন প্রেক্ষাপটে ঢাকা’ শ্লোগান নিয়ে ২০১৫ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে।

হোটেলের মহাব্যবস্থাপক আশওয়ারী নাওয়ার বলেন, “বর্ষপূর্তি অনুষ্ঠানে আমরা আমাদের অতীত ও নতুন সকল সম্পর্কগুলোকে উদযাপন করব।

বর্ষপূর্তি অনুষ্ঠানের নতুনত্ব হিসেবে দেশীয় খাবারের ঢং-এ ‘ক্লাসিক্যাল ইউরোপিয়ান’ স্বাদ দেওয়ার চেষ্টা করা হবে জানান এই হোটেল কর্মকর্তা।

হোটেল ব্যবসায় কেবল রুম বা খাবার নয় বরং গ্রাহক ও আতিথেয়তায় বিশ্বাস করেন বলে মন্তব্য করেন হোটেল স্বত্বাধিকারী হাসান আহমেদ সজিব।

তিনি বলেন, “আন্তর্জাতিক মানের আতিথেয়তা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে লো মেরিডিয়ান। আমাদের এক বছরের পথচলায় আমরা গর্বিত যে আমরা সে প্রতিশ্রুতি ধরে রাখতে পেরেছি, আগামী দিনে এই ধারাবাহিকতা আমরা অক্ষুণ্ণ রাখতে চাই।”

হোটেলটির বয়স এক বছর হলেও এরই মধ্যে গ্রাহক রিভিউ ও বৈশ্বিক জুরিদের পর্যালোচনার ভিত্তিতে চারটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বলে জানান আশওয়ারী নাওয়ার।

দেশ-বিদেশি অতিথি ও গ্রাহকদের দেওয়া রিভিউ থেকে ডিজাইন অ্যান্ড হোটেল অ্যাওয়ার্ড ২০১৫, টুডেস ট্রাভেলার সার্টিফিকেট ২০১৬ ও ‘ট্রিপ অ্যাডভাইজার’ এর দেওয়া সার্টিফিকেট অব এক্সিলেন্স ২০১৬ সম্মাননা এবং বৈশ্বিক জুরিদের পর্যালোচনার ভিত্তিতে ওয়ার্ল্ড ল্যাক্সারি হোটেল অ্যাওয়ার্ড ২০১৬ অর্জন করে লো মেরিডিয়ান।

‘এত কম সময়ে এরকম সম্মাননা বাংলাদেশের আর কোনো হোটেল পায়নি’, দাবি করেন আশওয়ারী।

লো মেরিডিয়ান ব্র্যান্ডের বিশ্বজুড়ে একশটিরও বেশি হোটেল ও রিসোর্ট রয়েছে।