ট্রাম্পের জয়ে প্রবাসীদের সমস্যা হবে না: মুহিত
ভোটের প্রচারে অভিবাসীদের সমালোচনা করে আসা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেও যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিদের সমস্যা হবে না বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার ফিরিয়ে দিতে ট্রাম্প প্রশাসনের কাছে নতুন করে আবেদন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
অভিবাসীদের বিষয়ে কট্টর অবস্থানে থাকা রিপাবলিকান প্রার্থী ট্রাম্প মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমক্রেটিক পার্টির হিলারি ক্লিনটনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
ভোটের প্রচারের শুরু থেকেই ট্রাম্প অভিবাসীদের কটাক্ষ করে মন্তব্য করে আসছেন। এজন্য তার বিরুদ্ধে বিক্ষোভও হয়েছিল।
বুধবার বিকালে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে মুহিতের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল- ট্রাম্প বিজয়ী হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা সমস্যায় পড়বেন কি না?
জবাবে তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র একটি ইমিগ্রেন্ট কান্ট্রি। এর আগেও বিভিন্ন সরকার অভিবাসীদের বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল। তারা সফল হয়নি। এবারও কিছু হবে না।”
বাংলাদেশের কারখানার শ্রম পরিবেশ নিয়ে অসন্তোষ থেকে তিন বছর আগে জিএসপি সুবিধা বাতিল করেছিল যুক্তরাষ্ট্র। এরপর বাংলাদেশ চেষ্টা চালিয়ে গেলেও তা ফেরত পায়নি।
মুহিত বলেন, “অনেক শর্ত পূরণ করার পরও যুক্তরাষ্ট্র আমাদের জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়নি। এখন আমরা নতুন করে আবেদন করব। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবেদন করা হবে। তাদের বলব, আমরা তোমাদের সব শর্ত পূরণ করেছি; এখন আমাদের এই সুবিধাটি ফিরিয়ে দাও।”
ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে মুহিত আশা প্রকাশ করেন, নতুন প্রেসিডেন্টের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আগের মতোই থাকবে।
