উত্তরায় রাজউকের ফ্ল্যাট কিনতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঋণ
রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে ফ্ল্যাট গ্রহীতাদের দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা দিতে চুক্তি করেছে রাজউক এবং বেসরকারি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
বুধবার রাজউক কার্যালয়ে স্বাক্ষরিত এ চুক্তিতে রাজউকের পক্ষে সংস্থাটির চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী আবরার এ আনোয়ার সই করেন।
এর আগে এ বছরের ১৬ জুলাই এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছিল রাউজক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
নতুন চুক্তি অনুযায়ী, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক রাজউকের ফ্ল্যাট বা প্লটের ক্রেতাকে ঋণ দেবে। ঋণের সুদ শতকরা সাড়ে ৮ শতাংশ। এ ঋণের কিস্তির মেয়াদ হবে সর্বোচ্চ ২৫ বছর।
এজন্য রাজউক, স্টার্ডান্ড চার্টার্ড ব্যাংক এবং ক্রেতার সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি হবে। তবে ফ্ল্যাটের মালিকানা থাকবে ব্যাংকের কাছে। ব্যাংকের অনুমতি ছাড়া অ্যাপার্টমেন্ট পরিবর্তন করা যাবে না। ঋণগ্রহীতা দেউলিয়া হলে ব্যাংক তৃতীয় পক্ষের কাছে অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিতে পারবে।
এ চুক্তি বাস্তবায়নকালে উভয়পক্ষের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে আরবিট্রেশন ও দেওয়ানি আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকে একে রাজউকের জন্য একটা মাইলফলক বলে মন্তব্য করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মন্ত্রী বলেন, “এ চুক্তির ফলে গ্রাহকদের অ্যাপার্টমেন্ট কেনা সহজ হবে।”
“এখানে সব দালালরা ঘোরে। কেউ অ্যাপার্টমেন্ট আছে কি না জানতে চাইলে তারা বলে ‘না অ্যাপার্টমেন্ট নাই’। ওরা না করে দেয়। অ্যাপার্টমেন্ট বিক্রি করলে তো ওরা লাভবান হচ্ছে না। সেজন্য তারা ক্রেতাদের ডিসকারেজ করে।”
বিভিন্ন বেসরকারি আবাসন প্রকল্প প্লট ও ফ্ল্যাট তৈরি ও বিক্রি করে লাভবান হচ্ছে। রাজউককেও অ্যাপার্টমেন্টের বিক্রি বাড়াতে কৌশল নেওয়ার পরামর্শ দেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।
রাজউক জানায়, উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের তিনটি ব্লকে ১৭৯টি ভবন নির্মাণ করা হবে। ১৬ তলা এসব ভবনে ১৫ হাজার ৩৬টি ফ্ল্যাট নির্মাণ করবে রাজউক।
তারা আরও জানায়, এ ব্লকে ৭৯টি ভবনে ১৬৫৪ বর্গফুট আয়তনের ৬৬৩৬টি ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে। এ বছর ডিসেম্বর নাগাদ ৮৪০টি ফ্ল্যাট হস্তান্তর করার কথা রয়েছে। এছাড়া ২০১৭ সালের জুনে ৮৪০টি, ডিসেম্বরে তিন হাজার ২৭৬টি এবং ২০১৮ সালের জুন মাসে ১৬৮০টি ফ্ল্যাট গ্রাহকদের কাছে হস্তান্তর করা হবে।
