২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-গভর্নমেন্টে কমবে দুর্নীতি: পলক

সব জেলায় ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে সেবার মান বাড়ার পাশাপাশি দুর্নীতির সুযোগ কমবে বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 04:18 PM

Updated : 12 Apr 2022, 03:15 AM

বুধবার সরকারি কর্মকর্তাদের জন্য আয়োজিত ই-গভর্নমেন্ট বিষয়ক এক কর্মশালার উদ্বোধন করে তিনি বলেন, “ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যানের আওতায় সারা দেশে পাঁচ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার স্থাপন করা হবে।

“এতে সরকারি-বেসরকারি সব দপ্তরে কাগজের ব্যবহার কমবে, সাশ্রয়ী উপায়ে জটিল কাজগুলো সহজে করা যাবে। দুর্নীতি ও হয়রানি কমার পাশাপাশি সহজে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে যাবে।”

যে চারটি কর্মসূচিকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে, ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যান তার অন্যতম বলে জানান প্রতিমন্ত্রী।

অনগুলো হচ্ছে- হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, কানেকটিভিটি ইম্প্রুভমেন্ট ও ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন।

তথ্য ও যোগাোযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) অর্থায়নে ই-গভর্নমেন্ট প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানান পলক।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যৌথভাবে কর্মশালার আয়োজনও করে বিসিসি ও কোইকো।

অনুষ্ঠানে কোইকোর কান্ট্রি ম্যানেজার জো হিউনগি বলেন, “আমরা ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যান বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। প্রযুক্তিগত ক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নিতে এবং আমাদের অভিজ্ঞতা বিনিময় করতে চাই।”

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে কোরিয়া দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কেওয়াক সাম-জু ছাড়াও আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, প্রকল্প পরিচালক মো এনামুল কবিরসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।